রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের পরামর্শক হচ্ছেন কফি আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সংঘাত নিরসনে দেশটির নতুন সরকারকে পরামর্শ দেবেন। রাখাইনের জটিল সমস্যা সমাধানের জন্য একটি পরামর্শক প্যানেল হবে। এর নেতৃত্বে থাকবেন তিনি। গতকাল বুধবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
রাখাইন রাজ্য সাম্প্রদায়িক সহিংসতায় পীড়িত মুসলিম রোহিঙ্গাদের আবাসস্থল। ২০১২ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এরপর থেকে এক লাখেরও বেশি মুসলিম রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়শিবিরে চলে যেতে বাধ্য হয়। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা সংখ্যালঘু। তবে তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে মিয়ানমার সরকার।
দীর্ঘ সামরিক শাসনের পর গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারে সরকার গঠন করে। মিয়ানমারের জাতিগত সহিংসতা নির্মূল সু চির বেসামরিক এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের দুরবস্থার বিষয় না স্বীকার করার জন্য মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার শিকার হয়েছেন সু চি। নতুন করে এ অঞ্চল যেন আবার জাতিগত সংঘাতের মুখোমুখি না হয় সে জন্যই চেষ্টা করছে নতুন সরকার। গতকাল সু চির দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রাখাইন রাজ্যের জটিল সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য একটি পরামর্শক প্যানেল হবে। এর নেতৃত্বে থাকবেন কফি আনান।’