
এশিয়ার কয়েকটি মুসলিম দেশ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পক্ষ থেকে এ আহ্বান এবং সংকটের দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এবং ব্যাপক ঘরবাড়ি ছেড়ে পালানোর খবর’-এ উদ্বেগ প্রকাশ করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক টুইট বার্তায় ‘মিয়ানমার এবং এ অঞ্চলের কল্যাণের স্বার্থে রোহিঙ্গা ভাইবোনদের এই গুরুতর দুর্দশার অবসান’-এর আহ্বান জানান। মালদ্বীপ বলেছে, তারা মিয়ানমারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে।
এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুডি মিয়ানমার সফর করছেন। তিনি সে দেশের সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে এই সংকট সমাধানের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী রেটনোর গতকাল সোমবার অং সান সু চির সঙ্গেও দেখা করার কথা।
গতকাল ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে রোহিঙ্গাদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। গত রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাস লক্ষ্য করে একটি ছোট পেট্রল বোমা ছোঁড়া হয়। মধ্য এশিয়ার কিরগিজস্তানে মিয়ানমার ফুটবল দলের সঙ্গে একটি আন্তর্জাতিক ম্যাচ বাতিল করা হয়েছে। কারণ, কিছু সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাচের সময় প্রতিবাদ-বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছিল।