রোহিঙ্গা সমস্যার জট শিগগিরই খুলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার ২০১৪ সালে ‘রোহিঙ্গা’ শব্দটি নিষিদ্ধ করেছে। ওই বছরের আদমশুমারিতে সরকার রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যটিতে জাতিগত বিভেদ জিইয়ে রাখতে চায় দেশটির রাজনৈতিকভাবে ক্ষমতাধর সশস্ত্র বাহিনী। আর নতুন ক্ষমতাসীন এনএলডি সরকার এ বিষয়টি দূরে সরিয়ে রেখে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তি স্থাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের জট শিগগিরই খুলছে না।

সাম্প্রতিক সময়ে মাবাথা নামে পরিচিত উগ্রপন্থী জাতীয়তাবাদী সংগঠন প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন অব মিয়ানমার ‘রোহিঙ্গা’ শব্দটিকে পুঁজি করে রাজপথে উত্তেজনা ছড়াচ্ছে। ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করায় দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে মাবাথার কর্মী-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার ১৫ হাজার লোক নিয়ে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মাবাথা। এখানকার পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো বলছে, সশস্ত্র বাহিনী নেপথ্যে মাবাথাকে সমর্থন দিচ্ছে।

রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে সরকারের ভাবনা কী—ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যালয়ে দলের সাবেক সভাপতি তিন ওর কাছে এ প্রশ্ন করলে তিনি বললেন, দেশের ১৩৫টি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে সরকার দ্বিতীয় প্যাংলং সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে। ওই সম্মেলনে রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের বিষয়েও আলোচনা হবে।

তিন ও প্যাংলং সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে আলোচনার কথা বললেও বাস্তবতা ভিন্ন। এনএলডির নেতৃত্বাধীন রাখাইন রাজ্যের জোট সরকারের মুখ্যমন্ত্রী নি পু গত বুধবার স্থানীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই বলেছেন, পাঁচ বছরের মধ্যে রাজ্যের বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা অসম্ভব। তাই এ সমস্যা সমাধানে ধাপে ধাপে এগোতে হবে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা সংস্থা মিয়ানমার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (মিয়ানমার-আইএসআইএস) পরিচালনা পরিষদের সদস্য উইন লিন বলেন, ‘মিয়ানমারে “রোহিঙ্গা” নামে কোনো শব্দের অস্তিত্ব নেই। ফলে আমাদের ১৩৫টি নৃ-গোষ্ঠীর অংশ হিসেবে তাদের বিবেচনায় নেওয়ার সুযোগ কোথায়! তারা তো চট্টগ্রাম থেকে এ দেশে এসেছে। আমার দৃষ্টিতে এসব লোককে “চট্টগ্রামের মুসলিম” নামে অভিহিত করা যায়। কাজেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে এটি বিব্রতকর যে অং সান সু চিও বিষয়টি সুরাহা করতে পারছেন না।’

তাহলে নব্বই দশকের মাঝামাঝিতে ২ লাখ ৩০ হাজার শরণার্থীকে মিয়ানমার কেন ফিরিয়ে নিল—এ প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেননি একসময় ঢাকায় মিয়ানমার দূতাবাসের প্রথম সচিব উইন লিন। তবে তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ ও মিয়ানমার ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করলে সম্পর্কটা ভালো থাকবে। কাজেই সম্পর্ক এগিয়ে নিতে হলে এ বিষয়টি সরিয়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

মিয়ানমার-আইএসআইএসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিওন্ত মং শেইনও মনে করেন, রোহিঙ্গার মতো সংবেদনশীল বিষয় বাদ দিয়ে যোগাযোগ, জ্বালানি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব।

তবে এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন মিয়ানমার জার্নালিজম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক থিহা শ। তিনি বলেন, ‘রোহিঙ্গা’ শব্দটি নিয়ে সরকার ইদানীং যা করছে, তা রীতিমতো তামাশা। রাখাইন রাজ্যের পার্লামেন্টে অতীতে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল। অতীতে সরকারি বিভিন্ন নথিতে ‘রোহিঙ্গা’ শব্দটির উল্লেখ ছিল। এমনকি তাদের সংস্কৃতি প্রচারের জন্য বেতারে নির্ধারিত একটা সময়ও বরাদ্দ ছিল। অথচ এখন একটি গোষ্ঠী বিষয়টি নিয়ে খেলার চেষ্টায় মত্ত।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত শুরুর পর ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর ১৯৯১-৯২ সালে এবং সর্বশেষ ২০১২ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। ইউএনএইচসিআরের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের চুক্তির পরিপ্রেক্ষিতে ১৯৯২ সালের মাঝামাঝি থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমার ফিরিয়ে নেয়। ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মিয়ানমার সেটি নবায়ন করতে অনীহা জানালে ২০০৫ সালের জুলাইয়ে শরণার্থী প্রত্যাবাসনের প্রক্রিয়া পুরোপুরি থেমে যায়। ২০০৯ সালে শরণার্থী প্রত্যাবাসন শুরুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রত্যাবাসনের পরিচয় নিশ্চিত হয়েছে এমন নয় হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে অনীহা জানালে ওই উদ্যোগ ব্যর্থ হয়। ২০১৪ সালে দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ২০০৫ সালে মিয়ানমারে ফিরতে আগ্রহী ২ হাজার ৪১৫ জনকে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

বর্তমানে কক্সবাজারের নোয়াপাড়া ও কুতুপালং শিবিরে প্রায় ৩২ হাজার রোহিঙ্গা শরণার্থী আছে। এ ছাড়া কক্সবাজার, বান্দরবানসহ বাংলাদেশের ছয় জেলায় তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।