মিয়ানমার গত তিন দশকের মধ্যে তার প্রথম জাতীয় আদমশুমারির চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে গতকাল শুক্রবার। তবে এতে দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের কোনো উল্লেখ নেই। শুমারির তথ্যে দেশটির ৫ কোটি ১৫ লাখ জনসংখ্যার জাতিগত পরিচয় ও ধর্মবিশ্বাসের তথ্যও স্থান পায়নি। খবর রয়টার্সের।
মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গা অধিবাসীর বেশির ভাগই ‘রাষ্ট্রবিহীন’। মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে না। দেশের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে বর্ণবাদের মতো পরিস্থিতিতে তাদের বসবাস। ২০১২ সালে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে রক্তক্ষয়ী দাঙ্গার পর তাদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার বাস্তুচ্যুত হয়। মিয়ানমার তাদের নাগরিকের সুবিধা দিতে রাজি নয়। রোহিঙ্গারা বহুদিন ধরেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৈষম্যের অভিযোগ করে আসছে।
মিয়ানমার সরকার আন্তর্জাতিক মহলকে এর আগে আশ্বাস দিয়ে বলেছিল, আদমশুমারির সময় রোহিঙ্গারা কর্তৃপক্ষের কাছে রোহিঙ্গা হিসেবেই নিজেদের পরিচয় দিতে পারবে। কিন্তু শুমারি শুরুর আগের দিন তারা অবস্থান বদল করে। সরকার বলে দেয় ‘রোহিঙ্গা’ পরিচয়ে কেউ নিবন্ধিত হতে পারবে না। ২০১৪ সালের মার্চ-এপ্রিল মাসে ওই শুমারি হয়।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নাম্বিয়ার বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শুমারি থেকে বাদ রাখা হয়েছে। সেখানে অনেক লোক নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিতে চাইলেও কর্তৃপক্ষ রাজি হয়নি।
১৩৫টি জাতিসত্তার একটি তালিকার ভিত্তিতে আদমশুমারি পরিচালনা করার বিষয়টিও সমালোচিত হয়েছে। আন্দোলনকর্মীরা বলেছেন, এটি সেকেলে ও ত্রুটিপূর্ণ।
শুমারিতে দেখা যায় বয়স্কদের মধ্যে সাক্ষরতার হার প্রায় ৯০ শতাংশ। তবে অন্য কিছু সূচকে দীর্ঘদিনের সেনাশাসনে অর্থনৈতিক অব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব প্রতিফলিত হয়েছে। দেশটির মাত্র এক-তৃতীয়াংশ পরিবারে বৈদ্যুতিক বাতি আছে। শিশুমৃত্যুর হার প্রতি এক লাখ জীবিত জন্মে ৬২। প্রত্যাশিত গড় আয়ু মাত্র ৬৬ দশমিক ৮, যা প্রতিবেশী থাইল্যান্ডে ৭৪ বছর।
জাতিগত পরিচয় ও ধর্ম, পেশা এবং মাতৃমৃত্যুর মতো বিভিন্ন তথ্য-উপাত্ত নভেম্বর মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর আগামী বছর প্রকাশ করা হবে।