
রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন রাজ্যের রাজধানী সিত্তে প্রথম এসে পৌঁছেছিলেন গত বছরের সেপ্টেম্বরের শুরুতে। এসেই বৌদ্ধ উগ্রপন্থীদের বিক্ষোভে পড়েন। বিক্ষোভকারীদের ব্যানারে ছিল ‘বিদেশিদের পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপের’ প্রতিবাদসংবলিত নানা লেখা।
আনান কমিশনের এই উদ্যোগের ভবিষ্যৎ এখন সাম্প্রদায়িক সহিংসতায় ম্লান হওয়ার পথে। ওই ঘটনার এক বছরের মাথায় গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে কমিশন। প্রতিবেদনে ৮৮টি সুপারিশ করা হয়েছে। সেগুলোর মধ্যে রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি তাদের চলাফেরায় বিধিনিষেধ প্রত্যাহারের ওপর জোর দেওয়া হয়েছে। আরও সুপারিশ করা হয়েছে, কীভাবে রাজ্যে উত্তেজনা কমানো ও মুসলিম-বৌদ্ধ হত্যাকাণ্ডের অবসান ঘটানো যায় সে সম্পর্কে। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি নাটকীয়ভাবে বেড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ও গত শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘মুসলিম বিদ্রোহীদের’ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে হামলার মধ্য দিয়ে তৈরি হয়েছে এক নতুন পরিস্থিতি। এ হামলা-সংঘর্ষে নিহত হন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। নিহত হন আরও ৭৭ ‘বিদ্রোহী’। রাজ্যে গত পাঁচ বছরে সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় দুই লাখ। হতাহতের শিকার ও বাড়িঘর থেকে উৎখাত হওয়া এসব মানুষের অধিকাংশই রোহিঙ্গা।
এ পরিস্থিতিতে রাখাইন সমস্যায় আন্তর্জাতিক মহলের সম্পৃক্ততা এখন ক্রমবর্ধমান তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন। পর্যবেক্ষকেরাও সতর্ক করে বলেন, এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান এখন যেকোনো সময়ের চেয়ে দৃশ্যত বহুদূরে বলেই মনে হচ্ছে।
দুই সপ্তাহ আগে রাখাইনের মংডু, রাথিডং ও বুথিডংয়ে উল্লেখযোগ্যসংখ্যক সেনা সমাবেশ ঘটানো হয়। বিদ্রোহ দমনের নামে প্রত্যন্ত পার্বত্য এলাকার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অভিযান শুরু করে সেনারা। এ নিয়ে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। এরই মধ্যে বৃহস্পতি ও শুক্রবার ওই হামলা হলো। এর জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গত অক্টোবরের চেয়ে এবার আরও ব্যাপক ও সমন্বিত রক্তক্ষয়ী অভিযান শুরু করতে পারে সেনাবাহিনী।
তবে শুধু রোহিঙ্গা নয়; বৌদ্ধদের ওপর পাল্টা হামলা নিয়েও আশঙ্কা বাড়ছে। এ সপ্তাহে গণমাধ্যমের খবরে জানা যায়, রাখাইনের তুলনামূলক কম অশান্ত এলাকার একটি গ্রামে শত শত রোহিঙ্গাবাসীকে অবরুদ্ধ করে রেখেছে তাদেরই প্রতিবেশী বৌদ্ধরা। তিন সপ্তাহ ধরে এই অবরুদ্ধ অবস্থায় রোহিঙ্গাদের বাইরে থেকে খাবার ও পানি আনাও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে স্থানীয় রাখাইন উগ্রপন্থীদের ক্রমবর্ধমান হুমকির মুখে পড়া আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, গত মাসে রাখাইনে ভ্রমণ-সংক্রান্ত অনুমোদন ব্যবস্থায় পরিবর্তন আনার ফলে অবরুদ্ধ গ্রামে তারা অপরিহার্য সামগ্রী সরবরাহের অনুমতি পাচ্ছে না। এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিওয়া বলেন, ‘দুই মাস আগের চেয়েও ওই গ্রামের পরিস্থিতি এখন খারাপ। অবরুদ্ধ গ্রামবাসী আতঙ্কিত। সরকার বলেছে, তারা আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। কিন্তু কীভাবে সেটা করবে তা নিয়ে উদ্বেগ আছে।’