মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। দেশটির সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের মুখে মিয়ানমারের রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে প্রবেশ অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এ নিন্দা জানালেন।
গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অং সান সু চিকে আমাদের সহায়তা করা প্রয়োজন। কিন্তু তাঁর সরকারের ক্ষমতায় সেনাবাহিনী যে খুব পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে ভাগ বসাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এই সহিংসতা (রোহিঙ্গাদের বিরুদ্ধে) অবশ্যই থামাতে হবে। এ নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে। অনেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতাকে জাতিগত নির্মূল অভিযান বলে আখ্যায়িত করছেন। এটা অবশ্যই থামাতে হবে।’
যুক্তরাজ্যের লন্ডন সফরে গিয়ে টিলারসন এ মন্তব্য করেন। এ সময় তাঁর পাশে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ছিলেন। বরিস জনসনও রোহিঙ্গাদের দুর্দশা মেটাতে অং সান সু চিকে তাঁর ‘নৈতিক ক্ষমতা’ খাটানোর আহ্বান জানান।
নিন্দা জানাল ইইউ
মিয়ানমারের রোহিঙ্গা সংকটকে ‘মর্মপীড়াদায়ক বিপর্যয়’ বলে গতকাল নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট জ্যঁ-ক্লঁদ জাঙ্কার। এর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে অবিলম্বে সহিংসতা বন্ধে ইউরোপীয় পার্লামেন্ট দাবি জানিয়েছে।