নতুন করে রোহিঙ্গা বিতাড়ন ঠেকাতে এবং বাংলাদেশ থেকে তাদের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের সেনাবাহিনীকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। গত সোমবার মিয়ানমারকে এ আহ্বান জানায় ভারত।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে ভারতের এক প্রতিনিধি এ আহ্বান জানিয়েছেন বলে দেশটির হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন থেকে অনুপ্রবেশ করা বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় প্রতিনিধি। বলেছেন, এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ও সহযোগিতা করা।
বিবৃতি অনুযায়ী, বাংলাদেশে ঢুকে পড়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন। এ জন্য বাংলাদেশের একজন প্রতিবেশী, বন্ধু ও সহযোগী হিসেবে ভারত এগিয়ে এসেছে। ভারত মনে করে, কফি আনান কমিশনের সুপারিশগুলো আমলে নিয়ে রাখাইনে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
বৈশ্বিক চাপে পড়ে মিয়ানমার গত সোমবার প্রস্তাব দেয়, তারা বাংলাদেশে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি আছে। মিয়ানমার সরকারের এই প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়েছেন ভারতের প্রতিনিধি।
বাংলাদেশ বলেছে, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত আশ্রয় নেওয়া ৯ লাখের বেশি রোহিঙ্গার সবাইকে ফেরত নিতে হবে। যদিও মিয়ানমার এই মুহূর্তে গত বছরের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত আসা প্রায় ছয় লাখ রোহিঙ্গা আর নিবন্ধিত ২ হাজার ৪১৫ জন শরণার্থীকে ফেরত নেওয়ার কথা বলেছে।