রোহিঙ্গাদের নির্মূল করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে, সেটিকে ‘জাতিগতভাবে নির্মূল’ করার চেষ্টা বলে অভিহিত করেছে মালয়েশিয়া। দেশটি বলেছে, মুসলমানদের বেছে বেছে হত্যা কিংবা নির্যাতন করে সরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।
রোহিঙ্গা মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওই মিছিলে শামিল হওয়ার কথা। এ কর্মসূচি সামনে রেখে গতকাল মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী, বেছে বেছে একটি নৃগোষ্ঠীকে বিতাড়িত করাকে জাতিগত নির্মূলকরণ বলে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।’
এর আগে রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া প্রতিবাদ জানানোর পর শুক্রবার মিয়ানমার মালয়েশিয়াকে এ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানায়। মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, আশিয়ানের সদস্যদেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি মালয়েশিয়ার সম্মান দেখানো উচিত। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া গতকাল পাল্টা বিবৃতি দেয়।
মালয়েশিয়ার বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ইস্যুর কারণে মালয়েশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশটির দাবি, এটি এখন আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। মালয়েশিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলমানের উপস্থিতি বিষয়টিকে একটি ‘আন্তর্জাতিক ইস্যুতে’ পরিণত করেছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো দমন-পীড়নের বিষয়ে প্রতিবাদ জানাতে গত সপ্তাহে মালয়েশীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল। পাশাপাশি দুই দেশের অনূর্ধ্ব-২২ জাতীয় দলের প্রীতি ফুটবল ম্যাচও বাতিল করে দেশটি।
রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বর্তমানে মিয়ানমারে রয়েছেন। তাঁর নেতৃত্বাধীন একটি মানবাধিকার-সংক্রান্ত দল গতকাল মংডুর কয়েকটি গ্রাম ঘুরে দেখেছেন।
জাতিসংঘ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান চালানোর সময় খুব সম্ভবত মানবতাবিরোধী অপরাধ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ভূ-উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে বলেছে, সেখানে হাজার খানেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের ভিডিও দেখা গেছে।
তবে মিয়ানমারের নেত্রী অং সান সু চি সিঙ্গাপুরের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিস্থিতির জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম পক্ষপাতিত্বমূলকভাবে একটানা নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। পুলিশের তল্লাশিচৌকিতে হামলার বিষয়টি এড়িয়ে সবাই যদি শুধু পরিস্থিতির নেতিবাচক দিকে নজর দেয়, তাহলে তা কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
সু চি দাবি করেন, রাখাইনের সহিংস পরিস্থিতি ইতিমধ্যে তাঁরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে নিরপেক্ষ সূত্র থেকে সু চির দাবি যাচাই করা সম্ভব হয়নি।
গতকাল কফি আনান মংডু পরিদর্শন করার সময় সেখানে বেসরকারি কোনো সংবাদমাধ্যমকর্মীকে পুলিশ যেতে দেয়নি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলেছে, রোহিঙ্গা মুসলমানরা মরিয়া হয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। বহু বাসিন্দা সেখানে অবরুদ্ধ অবস্থায় মৃত্যু-আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান।
সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলেছে তারা।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতের সংখ্যা অনেক বেশি।
সেনা অভিযানে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ করেছে সংগঠনগুলো। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার তা অস্বীকার করেছে।