রোহিঙ্গাদের নির্যাতনের প্রমাণ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ থেকে দেশটির নিরাপত্তা বাহিনীকে গতকাল রোববার অব্যাহতি দিয়েছে সরকার কর্তৃক নিযুক্ত তদন্ত কমিশন। তারা বলেছে, ওই ধরনের অপরাধের কোনো প্রমাণ মেলেনি।

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত বছরের অক্টোবরে এক সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নিপীড়নের যে অভিযোগ জাতিসংঘ করেছিল, মিয়ানমারের ওই কমিশন সেটা প্রত্যাখ্যান করেছে।

একাধিক পুলিশ চৌকিতে হামলার পর রোহিঙ্গা জঙ্গিদের খোঁজে নিরাপত্তা বাহিনী ওই অভিযান চালায়। এ সময় ‘জাতিগত নির্মূল’ অভিযান চলেছিল কি না, তদন্তের জন্য জাতিসংঘের একটি দল  সেখানে যেতে চাইলেও মিয়ানমার সরকার এখনো পর্যন্ত সে অনুমতি দেয়নি।

সরকারের গঠন করে দেওয়া কমিশন গতকাল বলেছে, তারা সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগের কোনো প্রমাণ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পায়নি। তবে নিরাপত্তা বাহিনীর নিম্নপদস্থ সদস্যদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে ‘বাড়াবাড়ি আচরণ’ করে থাকতে পারেন।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তির ভাষ্য, ‘নির্যাতনের কিছু ঘটনা বানোয়াট মনে হয়েছে... অন্যগুলোর ছোটখাটো প্রমাণ আছে।’

রোহিঙ্গাদের বিরুদ্ধে ওই অভিযানের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে বলেছে, অভিযানের সময় মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকতে পারে।

রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা ২০৪ জন প্রত্যক্ষদর্শী ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গা নারীদের গণধর্ষণ ও শিশুদের হত্যা করেন এবং  পুরুষদের ওপর নির্যাতন চালান। কিন্তু মিয়ানমারের সরকার কর্তৃক নিযুক্ত তদন্ত কমিশন বলছে, তারা এ ধরনের কোনো নির্যাতনের প্রমাণ পায়নি। সহিংসতার সময় সেখানে বিদেশি সংবাদমাধ্যম এবং বিভিন্ন এনজিওর কর্মীদের প্রবেশের   সুযোগ দেওয়া উচিত ছিল। তাহলে ‘ভুল ধারণাগুলো’ তৈরি হতো না।

মিয়ানমারের নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি জাতিসংঘের তদন্ত দলকে রাখাইন যাওয়ার সুযোগ দিচ্ছেন না। তাঁর বক্তব্য, সেখানে সহিংসতার অভিযোগ তদন্তের জন্য সরকারের নিযুক্ত কমিশনই যথেষ্ট।