সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের ‘পূর্ণ নাগরিকত্ব’ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে একটি প্রস্তাব গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের মিয়ানমারের পুরো নাগরিকত্ব দিতে হবে যেন তাঁরা সারা দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। খবর এপির।
মিয়ানমারের জাতীয় আইন অনুযায়ী, ১৩ লাখ রোহিঙ্গার নাগরিত্ব প্রত্যাখ্যান করা হয়েছে। তারা রাষ্ট্রহীন এবং প্রায় কোনো অধিকারই তাদের নেই। মিয়ানমারের কর্তৃপক্ষ রাষ্ট্রীয়ভাবে তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে এবং দাবি করে, তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।
২০১১ সালে মিয়ানমারে সামরিক শাসন থেকে গণতন্ত্রের দিকে পরিবর্তন শুরু হয়। তবে নব্য পাওয়া মত প্রকাশের অধিকারের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর ঘৃণার আগুন ছড়িয়ে দেয় সংখ্যাগুরু বৌদ্ধরা। দাঙ্গাবাজ বৌদ্ধদের সহিংসতায় ২৮০ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই মুসলিম সম্প্রদায়ের। দাঙ্গার কারণে ঘরবাড়ি হারায় প্রায় দেড় লাখ মানুষ। বর্তমানে রাখাইন প্রদেশের বিধিনিষেধ আরোপিত গ্রামে অথবা আশ্রয়শিবিরে বর্ণবাদী অবস্থার মতো জীবনযাপন করতে হয় রোহিঙ্গাদের।
জাতিসংঘের প্রস্তাবের বার্তা হলো, সংখ্যালঘুদের বিষয়ে মিয়ানমারের অবস্থান পরিবর্তনের জন্য বিশ্বের ১৯৩টি রাষ্ট্রের প্রতিনিধির আন্তর্জাতিক সম্প্রদায় একজোট হয়েছে।
মুসলমান সংখ্যালঘুদের রোহিঙ্গা হিসেবে অভিহিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। স্বাস্থ্য ও শিক্ষা খাতে রোহিঙ্গাদের সমান অধিকারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের মূল কারণগুলো দূর করতে বলা হয়েছে। রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের এলাকায় ফিরে আসতে পারে, এ জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া অধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্ত ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে আগামী বছরে অনুষ্ঠেয় মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তজার্তিক সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও শুদ্ধতা এবং সব প্রার্থীর সঠিক অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির অংশ নেওয়া নিয়ে সংশয় আছে। দেশটি সংবিধানের একটি ধারা অনুযায়ী, কোনো নাগরিকের স্বামী বা স্ত্রী ও সন্তানেরা অন্য দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী, দুই ছেলে যুক্তরাজ্যের নাগরিক।