রোহিঙ্গাদের প্রতি সংহতি বাড়ছে

মিয়ানমারে সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি সংহতি বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। তারা রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা নির্যাতনের কথা ট্রাম্পকে জানানোর উদ্যোগ নিচ্ছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ১২ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়টি তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী আশরাফ ওয়াজদি দুসুকি বলেন, এই ধরনের মানবিক বিষয় রাজনীতিকরণ ঠিক নয়। ওয়াশিংটনে ট্রাম্প-নাজিব রাজাক বৈঠকে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি হবে অন্যতম আলোচ্য বিষয়।
তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ আল খেরেজি বলেছেন, তাঁর দেশ ৭০ বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আছে। তুর্কি সংবাদপত্র ডেইলি সাবাহতে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, এই মানবিক সংকটের সময় মিয়ানমারের মুসলমানদের সাহায্য করার জন্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিতে চাওয়ায় ১৯৮২ সাল থেকে মিয়ানমারের সমালোচনা করে আসছে রিয়াদ। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সঙ্গে মিলে পরিস্থিতি উত্তরণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আসিয়ানের সদস্য হিসেবে মিয়ানমারের অস্থিতিশীলতা অন্য সব সদস্য রাষ্ট্রকে প্রভাবিত করে। শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিয়ানমার সরকারকে সাহায্য করতে প্রস্তুত আছে সিঙ্গাপুর।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে হলোকাস্ট মেমোরিয়াল জাদুঘর। শুক্রবার এক বিবৃতিতে রাখাইন রাজ্যে অবিলম্বে সেনা অভিযান বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, এই নৃশংসতার জন্য মূলত মিয়ানমারের সেনাবাহিনী দায়ী। তাদের সহযোগিতা করছে রাখাইন জনগোষ্ঠীর অনেক বেসামরিক নাগরিক।
জার্মানির হ্যানোভার থেকে প্রথম আলোর প্রতিনিধি জানান, জার্মানির শীর্ষস্থানীয় পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলোতে মিয়ানমারে রোহিঙ্গা জাতিসত্তার ওপর অত্যাচার ও নিজভূমি ছেড়ে বন্ধুর পথে বাংলাদেশে চলে যাওয়ার ঘটনা কয়েক দিন থেকেই প্রকাশিত হচ্ছে।
বিভিন্ন দেশের ত্রাণ সাহায্য
রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কুয়েত ১৫ লাখ ডলার সমপরিমাণের জরুরি ত্রাণ পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে খাদ্য, পোশাক এবং তাঁবু।
মালয়েশিয়া গতকাল শনিবার বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে বিমানে করে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সুবাং বিমান ঘাঁটি থেকে এই ত্রাণ উদ্বোধন করেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৫০ লাখ ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। এর পাশাপাশি তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং বেসামরিক জানমাল রক্ষা করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ডেনমার্ক সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করেছে।