রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের দেশে ফেরত না পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা। তাঁরা বলেছেন, নয়াদিল্লির আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলা উচিত।

রোহিঙ্গা অভিবাসীদের ফেরত পাঠানোর চিন্তাভাবনা চলছে বলে ভারত সরকার জানানোর পর দেশটির প্রতি গতকাল বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আহ্বান জানায়।

ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে গত সপ্তাহে বলেন, ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। রোহিঙ্গাদের প্রশ্নে পার্লামেন্টে এক লিখিত জবাবে তিনি বলেন, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ‘অবৈধভাবে’ বসবাস করছে।

সেনাবাহিনীর ব্যাপক নির্যাতন, দমন-পীড়নের মুখে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার থেকে হাজারো রোহিঙ্গা মুসলিম পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গা নর-নারীকে শরণার্থীর মর্যাদা দিতে জাতিসংঘ আহ্বান জানালেও ভারতসহ অন্যান্য দেশ তাতে সাড়া দেয়নি।

গতকাল এক বিবৃতিতে এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, ‘আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ভারতের যে বাধ্যবাধকতা রয়েছে, তা দেশটির অনুসরণ করা উচিত। তা ছাড়া প্রথমেই রোহিঙ্গাদের শরণার্থী হওয়ার দাবির বিষয়টি সুষ্ঠুভাবে মূল্যায়ন না করে তাঁদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ভারতের অ্যাডভোকেসি ম্যানেজার রঘু মেনন বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের অবৈধ অভিবাসী বলে আখ্যায়িত করা, তারা কেন বাড়িঘর ছেড়ে পালিয়ে এল ও জোরপূর্বক দেশে ফেরত পাঠালে তারা কী ভয়াবহ বিপদের ঝুঁকিতে পড়তে পারে—সেসব বিষয় বিবেচনা না করা একেবারেই অনুচিত।