লকডাউনে খাবার আনতে পাঠানো হলো হেলিকপ্টার
লকডাউনে ঘরবন্দী হয়ে আছে মালয়েশিয়ার বাসিন্দারা। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে জারি করা হয়েছে চলাচলে নিষেধাজ্ঞা। এ অবস্থায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে খাবার কেনাকাটা। কিন্তু দেশটির এক ব্যক্তির খাবার কেনার আয়োজনে হতবাক হয়েছেন সবাই। মালয়েশিয়ার জনপ্রিয় একটি খাবার আনতে হেলিকপ্টার পাঠিয়েছেন তিনি। এ জন্য হেলিকপ্টারটিকে পাড়ি দিতে হয়েছে ১৮০ কিলোমিটার পথ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই ব্যক্তি রাজধানী কুয়ালালামপুরের বাসিন্দা। সেখান থেকে তিনি আইপহ শহরে হেলিকপ্টার পাঠান ‘নাসি গাঞ্জা’ নামের একটি খাবার কিনতে। খাবারটির ডিশে ভাতের সঙ্গে থাকে মাছ, মাংস, সবজি ও সস। মালয়েশিয়ার জনপ্রিয় এ খাবারের ৩৬টি ডিশ নিয়ে ফেরে হেলিকপ্টারটি।
লকডাউনের মধ্যে যখন সাধারণ মানুষ খুব জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না, তখন ঘটা করে খাবার কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ সমালোচনা। অনলাইনে হেলিকপ্টারটির একটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। কড়াকড়ির মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশও।
বিষয়টিকে কটাক্ষ করে টুইটারে একজন লেখেন, এটা কী ধরনের বোকামি? এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা শেষকৃত্যে অংশ নিতে বা ভালোবাসার মানুষের সঙ্গে শেষবারের মতো দেখা করতে যেতে পারছেন না। কারণ হিসেবে বলা হচ্ছে, এগুলো নাকি ভ্রমণের অনুমতি পাওয়ার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ না।
নাসি গাঞ্জা’ নামের খাবারটির ডিশে ভাতের সঙ্গে থাকে মাছ, মাংস, সবজি ও সস।
তবে হেলিকপ্টারটিকে খাবার আনার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ। তারা বলছে, শুধু মেরামত করার অনুমতি ছিল সেটির। তাই নিয়েই হেলিকপ্টারটি রাজধানীর বাইরে উড়াল দেয়। ঘটনার তদন্তে পুলিশ নানা পক্ষের বক্তব্য নিয়েছে। পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সরকারি কৌঁসুলিরা। যদিও ওই খাদ্যপ্রেমীর নাম প্রকাশ করা হয়নি।
সব শেষে মহামারির মধ্যে এমন কাণ্ডকে অপরাধ হিসেবে মানতে একেবারেই নারাজ হেলিকপ্টারটির মালিক মোহামেদ রাফে চিক্কু। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, ‘কাগজপত্র সব ঠিকঠাক ছিল। ...আমরা গিয়েছি, আর দ্রুত খাবার নিয়ে ফিরেছি।’