লাই চা: হংকংয়ের প্রাণশক্তি

বিশ্বের অন্যতম ব্যস্ত নগর হংকং। স্থানীয় বাসিন্দারা ছাড়াও এখানে রয়েছে হাজারো পেশার বহু বিদেশি মানুষ। তাদের কর্মমুখর জীবন প্রাণবন্ত করে রেখেছে চীনের এই বন্দর নগরকে। আর এসব মানুষকে প্রাণশক্তি জোগাচ্ছে ‘লাই চা’। সাদা বাংলায় যার অর্থ ‘দুধ চা’। তবে এই ‘লাই চা’ একেবারে সাধারণ দুধ চায়ের মতো নয়। এই চা বানানোর কায়দায় একটু বিশেষত্ব আছে।
স্থানীয় বিশেষ কায়দায় বানানো বলেই অতিসাধারণ পানীয় ‘লাই চা’ হংকংয়ে হয়ে উঠেছে অসাধারণ, ব্যাপক জনপ্রিয়। এই নগরে দিনে প্রায় ২৫ লাখ কাপ লাই চা বিক্রি হয়।
হংকং শহরের যেখানে-সেখানে চোখে পড়বে ছোট ছোট রেস্তোরাঁ। ক্যান্টনিজ ভাষায় এগুলোকে বলে ‘চা চ্যান তেংস’ বা ‘চা রেস্তোরাঁ। সস্তা স্যান্ডউইচ, মাখন দেওয়া ফ্রেঞ্চ টোস্ট, নুডলস বা ম্যাকারনিও মিলবে এখানে। কিন্তু দোকানের নাম ‘চা রেস্তোরাঁ’। কারণ, এখানেই মিলবে ঐতিহ্যবাহী ‘লাই চা’। অফিসগামী ব্যস্ত মানুষ চটজলদি নাশতা সেরে নিতে একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে ফাঁকে ফাঁকে লাই চায়ে চুমুক দিচ্ছে—এটি অতি সাধারণ দৃশ্য।
সাধারণ দুধ চায়ের মতোই লাই চা বানানো হয় চা-পাতা আর কনডেন্সড মিল্ক বা গরুর টাটকা দুধ দিয়ে। এর বিশেষত্ব হলো, লিকার কড়া করার জন্য চায়ের পানি বারবার জ্বাল দেওয়া হয়। অনেক সময় লিকার ফুটিয়ে আবার ঠান্ডা করে, আবার ফুটিয়ে—সাতবার পর্যন্ত জ্বাল দেওয়া হয়। দোকানিদের ভাষ্য, এতে লিকারের ঘনত্ব বাড়ে এবং চায়ে একধরনের বিশেষ সৌরভ তৈরি হয়। এর সঙ্গে দুধ-চিনি মেশালেই মেলে অসাধারণ স্বাদের চা।
হংকং শহরের প্রাণকেন্দ্রের ল্যান ফং ইউয়েন নামের একটি ‘চা রেস্তোরাঁ’র মালিক ল্যাম চান চুং। তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব ব্যস্ত। চট করে একটু নাশতার সঙ্গে এক কাপ লাই চা খেয়ে নিলে মুহূর্তে চাঙা হওয়া যায়। ফলে এটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে।’
হংকংয়ের কফি ও চা-প্রেমী এবং এ খাতে কর্মরত ব্যক্তিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব কফি অ্যান্ড টি বলে, এই দুধ চা হংকংয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উপাদান। সংগঠনটি একে বৈশ্বিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা হংকংয়ে চলতি মাসের শুরুতে চা বানানোর প্রতিযোগিতার আয়োজন করে। হংকং, মূল চীনা ভূখণ্ড, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে প্রতিযোগীরা এতে যোগ দিয়েছিলেন। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হংকংয়ের লাই চায়ের দোকানি চেন চি পিং। তিনি বলেন, এই চা বানানোর প্রতিটি পর্যায়ই গুরুত্বপূর্ণ। চুলার জ্বাল কী পরিমাণ থাকবে, পানি কী পরিমাণ জ্বাল দিতে হবে—এসব কিছুর সঙ্গে চায়ের স্বাদের তারতম্য নির্ভর করে। চেন পিং বলেন, লিকারের ঘনত্ব এবং দুধের সঠিক পরিমাণও খুব জরুরি। তবে চেন মনে করেন, মনের মতো এক কাপ চা বানানোর জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, সেটি হলো কাপে ‘মন ঢেলে দেওয়া’।