ভারতের মুম্বাই সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভির মুক্তির বিষয়ে জাতিসংঘে পাকিস্তানকে চীনের সমর্থন দেওয়া ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ কথা তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। মোদির এই অসন্তোষের বিষয়ে গতকাল বৃহস্পতিবার চীন বলেছে, লাকভি নিয়ে তাদের অবস্থান ‘বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক’। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
ব্রিকস এবং সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার উফা শহরে যাওয়া মোদি গত বুধবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ৮৫ মিনিট স্থায়ী ওই বৈঠকে মোদি লস্কর-ই-তৈয়বা নেতা লাকভির প্রসঙ্গ তোলেন। জবাবে শি জিনপিং লাকভি এবং সন্ত্রাসবাদ বিষয়ে আরও বৃহত্তর পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা করার প্রস্তাব দেন।
মোদি-জিনপিং বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শংকর বলেন, ‘বৈঠকে লাকভির বিষয়ে পাকিস্তানকে সমর্থনের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী ওই বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন।’ মোদি ও জিনপিংয়ের বৈঠকে দুই দেশের সীমান্তে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানান জয়শংকর।
গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির বৈঠকে জাকিউর রহমান লাকভিকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায় ভারত। তবে ভারত তাদের দাবির সমর্থনে যথাযথ তথ্য দেয়নি—এই যুক্তি দেখিয়ে চীন ওই প্রস্তাবের বিরোধিতা করে।
লাকভির প্রশ্নে চীনের অবস্থানের সমর্থনে গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল সাংবাদিকদের বলেন, ‘মৌলিকত্বের’ ভিত্তিতে এবং ‘বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার’ চেতনায় চীন তার অবস্থান নিয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন এসব বৈশিষ্ট্যের ভিত্তিতেই সব সময় অবস্থান নেয়।
মোদি ও শি জিনপিংয়ের মধ্যে হওয়া আগের দিনের বৈঠককে হুয়া চুনইং ‘গঠনমূলক এবং নিবিড়’ বলে তুলনা করেন। তিনি জানান, লাকভির বিষয়ে ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে চীনের নিবিড় যোগাযোগ আছে। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ নিয়ে হুয়া চুনইং বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, চীন ও ভারত উভয়েই সন্ত্রাসবাদের শিকার। চীন সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে।’
মোদি-নওয়াজ বৈঠক: এদিকে আজ শুক্রবার এসসিও সম্মেলনের পাশাপাশি মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। গত বছরের মে মাসে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এই প্রথম দুই দেশের শীর্ষ নেতা বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতার কার্যকর আলোচনার মধ্য দিয়ে বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্কের পর্যালোচনা হবে।’ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কাজি খলিলুল্লাহ বলেন, ‘ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক ও সহযোগিতামূলক আচরণ নিয়ে আলোচনা করা প্রধানমন্ত্রীর (নওয়াজ শরিফ) নীতির অংশ। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ই দুই নেতার আলোচ্য বিষয় হবে।