লাদেনের ছেলের ছবি প্রকাশ

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের প্রিয় ছেলে তিনি। তাঁর নাম হামজা বিন লাদেন। নামে পরিচিত হলেও চেহারায় হামজাকে চেনা কঠিন ছিল। শৈশবের দু-একটি ছবি ছাড়া হামজার সাম্প্রতিক কোনো ছবি এত দিন পাওয়া যায়নি। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) হামজার তরুণ বয়সের কিছু ছবি ও ভিডিও চিত্র প্রকাশ করেছে।
ওসামা বিন লাদেন বেশ সন্তর্পণে নিজের ছেলের চেহারা সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা লুকিয়ে রেখেছিলেন। শৈশব থেকেই হামজার ছবি প্রকাশে লুকোছাপা করা হতো। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আল-কায়েদার প্রচারে জোরেশোরে ভূমিকা রাখছেন হামজা।
সিআইএ যে ভিডিও চিত্র প্রকাশ করেছে, তাতে হামজা বিন লাদেনকে একজন তরুণ হিসেবে দেখা গেছে। হামজাকে আল-কায়েদার পরবর্তী শীর্ষ নেতা হিসেবে তৈরি করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাটির একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার সিআইএ এসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ২০১১ সালে ওসামা বিন লাদেনের কম্পাউন্ডে অভিযান চালানোর সময় গোয়েন্দা সংস্থাটি এসব ছবি ও ভিডিও জব্দ করেছিল। এসব ভিডিও চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং পাঁচ লাখের বেশি নথি এবার প্রকাশ করেছে সিআইএ।
ভিডিও চিত্রে দেখা গেছে, সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন হামজা। হাসিমুখে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সম্ভবত ২০০৯ সালের আগে ভিডিও চিত্রগুলো ধারণ করা হয়েছিল। বলা হচ্ছে, ইরানে হামজার বিয়ের অনুষ্ঠানের ছবি এগুলো।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস নামের একটি সংস্থার কর্মকর্তা বিল রোজিও বলেন, ‘এই ভিডিওতে দেখা গেছে, আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতার মেয়ের সঙ্গে হামজার বিয়ে হচ্ছে।’

হামজার বিয়ের সময় ওসামা পালিয়ে ছিলেন। তবে বিশ্লেষকেরা বলছেন, ছেলের বিয়ের ভিডিও দেখতে আগ্রহী ছিলেন তিনি। তাই হামজার বিয়ের ভিডিও ধারণ করা হয়েছিল।
শৈশবেই জঙ্গি ভাবধারার সঙ্গে পরিচিত হন হামজা। তাঁকে প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে মনে করা হয়। ধারণা করা হয়, তাঁর বর্তমান বয়স ২৫ থেকে ৩০ বছর।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তা আলি সৌফান সিএনএনকে জানিয়েছেন, বাবার প্রতি প্রচণ্ড অনুরক্ত হামজা। আলি বলেন, ‘তিনি তাঁর বাবাকে অনুকরণ করার চেষ্টা করেন। বিশেষ করে বাবার কণ্ঠস্বর অনুকরণের চেষ্টা করেন তিনি। তাঁকে জিহাদি আন্দোলনের জন্য তৈরি করার চেষ্টা চলছে। তরুণ বয়স থেকেই সবার সামনে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলার দক্ষতা আছে তাঁর।’
আল-কায়েদার বর্তমান শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি ২০১৫ সালে হামজা বিন লাদেনকে আল-কায়েদার ‘সিংহ’ বলে অভিহিত করেছিলেন।