জাপানি বিনিয়োগ পেতে উদগ্রীব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের বিনিয়োগকারীদের বলেছেন, ভারতে গেলে লাল ফিতা নয়, বরং লালগালিচা অপেক্ষা করবে তাঁদের জন্য। ভারতে বিনিয়োগ সহজতর করতে নানা নীতিমালার সংস্কার করা হয়েছে, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল মঙ্গলবার টোকিও স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের এক সেমিনারে মোদি এ আহ্বান জানান। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে তৃতীয় বৃহত্তম ভারতের প্রতিরক্ষা, কৌশলগত ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে পাঁচ দিনের জাপান সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল ছিল তাঁর সফরের চতুর্থ দিন।
তাঁর সরকার উন্নয়ন ও উৎপাদন খাতের অগ্রগতিতে কাজ করছে—এ কথা জানিয়ে মোদি সেমিনারে বলেন, ‘বিনিয়োগের জন্য ভারতের চেয়ে ভালো জায়গা আর নেই। ভারতে আসুন, উৎপাদন করুন। আমি নিশ্চয়তা দিচ্ছি, এর জন্য যা দরকার তাই পাবেন।’
সেমিনারের প্রায় দুই হাজার দর্শক-শ্রোতার উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত পুবে তাকানোর নীতি নিয়েছে। আমরাও চাই জাপান আমাদের দিকে তাকাক।’
এ সময় তিনি ভারতের বিশাল ভোক্তার বাজার এবং সেই সঙ্গে সস্তা ও দক্ষ শ্রমশক্তির কথা উল্লেখ করেন। মোদি বলেন, ‘ভারতে ৫০টির বেশি শহর আছে, যেখানে মেট্রোরেল দরকার। কেবল একটি দেশে এমন ব্যবসার সুযোগ কোথাও কি পেয়েছেন?’
অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র নির্মাণের আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ভারত সেই দেশ, যেখানে তিনটি জিনিসের নিশ্চয়তা আছে—গণতন্ত্র, জনসংখ্যা ও চাহিদা। তাঁর সরকার জাপানি বিনিয়োগের জন্য যে উন্মুখ হয়ে আছে সে কথা উল্লেখ করে মোদি বলেন, ‘জাপান ছাড়া ভারত অসম্পূর্ণ, ভারত ছাড়া জাপানও তাই।’