লাশ উদ্ধারে ইন্দোনেশিয়ার সর্বাত্মক চেষ্টা

এয়ারএশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের আরোহীদের লাশ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিন উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পর আজ বৃহস্পতিবার ঝলমলে আবহাওয়ার দেখা মেলায় এ ঘোষণা এল। বিমানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের সন্ধানে এই উদ্ধার অভিযানে বিদেশি অনুসন্ধানকারী দলও যোগ দেবে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এয়ারএশিয়ার এয়ারবাস এ৩২০-২০০-তে ১৬২ জন আরোহী ছিলেন। এঁদের মধ্যে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এয়ারএশিয়ার ফ্লাইটটি গত রোববার ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জাভা সাগরের বোর্নিও দ্বীপের কাছে মঙ্গলবার পাওয়া ধ্বংসাবশেষ ওই উড়োজাহাজটিরই এবং লাশ যাত্রীদের।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশগুলোর মধ্যে একজন নারী ও একজন পুরুষের পরিচয় শনাক্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে এঁদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধারকারী দলের কর্মকর্তা সুনারবোও সানদি বলেন, ‘আজকের আবহাওয়া ভালো। বিমানটির ধ্বংসাবশেষ ও নিহত আরোহীদের উদ্ধারে আমরা সর্বাত্মক অনুসন্ধান চালাচ্ছি। বিদেশি বিশেষজ্ঞরা ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা তদন্তকারীদের সঙ্গে শিগগিরই যোগ দেবেন। তাঁরা বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করবেন। এটি উদ্ধার করা গেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’
এ পর্যন্ত সাগর থেকে উদ্ধার করা সাত লাশের মধ্যে কয়েকজনকে কমবেশি পোশাক পরা অবস্থায়ই উদ্ধার করা হয়েছে। এতে মনে করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়ার আগপর্যন্ত বিমানটি হয়তো অক্ষত ছিল। পাশাপাশি লাইফ জ্যাকেট পরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার অর্থ হচ্ছে, বিমানটি সাগরে পড়ার আগে আরোহীরা প্রস্তুতি নেওয়ার কিছু সময় পেয়েছিলেন। সম্ভাব্য দুর্যোগ বা কারিগরি ত্রুটির কারণে প্রয়োজনীয় গতিতে উড়তে না পেরেই উড়োজাহাজটি নিচে পড়ে যায় বলে যে ধারণা রয়েছে—এ ঘটনা সেটিই সমর্থন করছে।