লি কুয়ানকে হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে হাজারো মানুষ গতকাল বুধবার রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন। জনসাধারণের শেষশ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি পার্লামেন্ট ভবনে রাখা হয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
৯১ বছর বয়সী লি কুয়ান গত সোমবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান ছিলেন। তাঁর শাসনামলে দেশটি দরিদ্র ব্রিটিশ উপনিবেশ থেকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়।
লি কুয়ানের শেষকৃত্য আগামী রোববার অনুষ্ঠিত হবে। এর আগে প্রয়াত নেতার মরদেহ রাখা হয় প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ইস্টানায়। হাজার হাজার মানুষ সেখানে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকবইয়ে স্বাক্ষর করেন।
সরকার এবং সামরিক বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে লি কুয়ানের কফিন গতকাল ইস্টানা থেকে শহরের প্রধান সড়ক দিয়ে পার্লামেন্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার পাশে এবং বিভিন্ন ভবনের ছাদে দাঁড়ানো নারী, শিশুসহ হাজারো মানুষ প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান। কেউ কেউ কফিনের দিকে ফুল ছুড়ে দেন।