লি কুয়ান ইউয়ের শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে আজ শেষবিদায় জানিয়েছে মানুষ। ছবি: এএফপি
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে আজ শেষবিদায় জানিয়েছে মানুষ। ছবি: এএফপি

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে শেষ বিদায় জানিয়েছে মানুষ। আজ রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয়ভাবে তাঁকে শেষবিদায় জানানো হয়। শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতারাসহ হাজারো মানুষ অংশ নেন।

৯১ বছর বয়সী লি কুয়ান গত সোমবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান ছিলেন। তাঁর শাসনামলে দেশটি দরিদ্র ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত এবং মালয়েশিয়া থেকে আলাদা হয়ে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়।
বিবিসির খবরে বলা হয়, প্রবল বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ সড়কের দুপাশে দাঁড়িয়ে লি কুয়ানের কফিন নিয়ে যাওয়ার শোভাযাত্রা দেখেন। পরে রাষ্ট্রীয়ভাবে তাঁকে বিদায় জানানো হয়। এতে বিশ্ব নেতারা অংশ নেন। এর আগে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে শেষবিদায় জানান।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কুয়ানের ছেলে লি সিয়েন লং তাঁর বাবার প্রশংসা করে বলেন, ‘তাঁর (বাবা) নিঃশ্বাস-প্রশ্বাসে ছিল কেবল সিঙ্গাপুর।’ তিনি আরও বলেন, ‘যে আলো এত বছর আমাদের পথ দেখিয়েছে, তা আজ নিভে গেল।’

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে আজ শেষবিদায় জানিয়েছে মানুষ। ছবি: এএফপি
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে আজ শেষবিদায় জানিয়েছে মানুষ। ছবি: এএফপি

দুপুর সাড়ে ১২টায় শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। পার্লামেন্ট ভবন থেকে কুয়ানের মরদেহ একটি সাঁজোয়া যানে বহন করা হয়। এ সময় ২১ বারের তোপধ্বনি গোটা শহরে প্রতিধ্বনিত হয়। এ সময় সেনাবাহিনীর যুদ্ধ বিমান আকাশে টহল দেয়, নৌবাহিনীর জাহাজ মেরিনা বে বাঁধ প্রদক্ষিণ করে।
শেষকৃত্যে বিশ্ব নেতাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ও যুক্তরাজ্যের হাউস অব কমনসের নেতা উইলিয়াম হেগ অংশ নেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত এক সপ্তাহ ধরে লি কুয়ানের প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ পার্লামেন্ট হাউসে গিয়ে সেখানে রাখা লি কুয়ানের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। যা সিঙ্গাপুরের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এ ছাড়া বিভিন্ন জায়গায় তাঁর ছবি রেখে শ্রদ্ধা জানান সাড়ে আট লাখ মানুষ।