লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, মৃত ৩৭ অভিবাসী
লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত রোববার রেড ক্রিসেন্টের স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
এর তিন দিন আগে গত বৃহস্পতিবার একই উপকূলে প্রায় ৫০০ অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে ২০০ লোকের মৃত্যু হয়।
রেড ক্রিসেন্টের ত্রিপোলির এক মুখপাত্র মোহাম্মদ আল-মিসরাতি রোববার বলেন, ‘খোমস বন্দরের কাছে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে এবং সাতজনের মৃতদেহ পাওয়া গেছে বলে আমরা আজ সকালে খবর পেয়েছি। তবে কতজন অভিবাসী নৌকাটিতে ছিল, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।’
খোমস রাজধানী ত্রিপোলি থেকে ১০০ কিলোমিটার পূর্বের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দরনগরী। ওই মুখপাত্র আরও বলেন, পরবর্তী সময়ে জেলেরা খোমসের কাছে একই এলাকায় ৩০টি মৃতদেহের সন্ধান পান। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে নৌকায় করে ইউরোপের উদ্দেশে পাড়ি জমাতে অভিবাসন-প্রত্যাশীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে আইনশৃঙ্খলাবিহীন লিবিয়া। দেশটির বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে মানব পাচারকারীরা সিরিয়ার অভিবাসন-প্রত্যাশীদের মিসর হয়ে লিবিয়ায় নিয়ে আসছে। এ ছাড়া নাইজার, সুদান ও চাদ হয়ে সাব সাহারান দেশগুলো থেকেও পাচারকারীরা অভিবাসন-প্রত্যাশীদের লিবিয়ায় আনছে। স্থল ও সমুদ্রপথে ওই ট্রানজিটের জন্য অভিবাসন-প্রত্যাশীদের কাছ থেকে হাজার হাজার ডলার নিয়ে নিচ্ছে পাচারকারীরা। সমুদ্রে চলার অনুপযুক্ত নৌযানে করে চূড়ান্ত যাত্রার আগে আরও অর্থ নিতে পাচারকারীরা প্রায়ই অভিবাসীদের ওপর নির্যাতন চালায়।
লিবিয়া তার নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছিল। ২০১১ সালে লিবিয়ায় কথিত গণ-অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার সময় সংঘাতে দেশটির নৌবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে জঙ্গিগোষ্ঠী লিবিয়ার পশ্চিমাঞ্চলের বিরাট এলাকা দখল করে স্বঘোষিত সরকার গঠন করে। বছর খানেক আগে দখল করে নেয় রাজধানী ত্রিপোলি। স্বীকৃত প্রধানমন্ত্রীকে দেশটির পূর্বাঞ্চলে বহিষ্কার করা হয়। এ পরিপ্রেক্ষিতে লিবিয়াকে সব ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার বিষয়টি আটকে যায়। ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার কাছাকাছি হওয়ায় লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে অভিবাসীবাহী নৌকাগুলো ছাড়া হয়।
সম্প্রতি ইউরোপের দেশগুলোয় পাড়ি জমাতে মরিয়া হয়ে উঠেছেন সংঘাতের শিকার সিরিয়া ও লিবিয়া থেকে যাওয়া অভিবাসন-প্রত্যাশীরা। এ জন্য বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার। চলতি বছরে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।