লিবিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিসর। ফ্রান্সের বেতারকেন্দ্র ইউরোপ ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
আইএস লিবিয়ায় ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে শিরশ্ছেদ করে হত্যা করার ভিডিও প্রকাশের পর দেশটিতে সংগঠনটির লক্ষ্যবস্তুগুলোতে মিসরীয় বোমাবষর্ণের এক দিন পর সিসির এ বক্তব্য এল।
লিবিয়ার পরিস্থিতি নিয়ে মিসরীয় প্রেসিডেন্ট সিসি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি তিনি জাতিসংঘের সঙ্গে আলোচনা করতে নিজের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরিকে নিউইয়র্কে পাঠিয়েছেন।
প্রেসিডেন্ট সিসি বলেন, ‘লিবিয়ায় যা ঘটছে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটা হুমকি।’
২০১১ সালে দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অশান্ত রয়েছে লিবিয়া। বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী দেশটির নিয়ন্ত্রণ নিতে লড়াইয়ে লিপ্ত রয়েছে। সেখানে এখন রয়েছে দুটি সরকার।
সিসির নির্দেশে গত সোমবার লিবিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মিসরীয় যুদ্ধবিমানগুলো। এতে ৪০ থেকে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার কর্মকর্তারা। নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে জানা গেছে। লিবিয়ার তোবরুক শহরভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। তবে রাজধানী ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধান ওমর আল-হাসি মিসরীয় বিমান হামলাকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে মিসর লিবিয়ায় ‘পাপের আগ্রাসন’ চালিয়েছে। তিনি বলেন, এটা একটা ভয়ংকর অভিযান। মিসরীয় সামরিক বাহিনীর চালানো এই সন্ত্রাসবাদ লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। এটা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।
তবে বিমান হামলার বিষয়ে মিসরীয় প্রেসিডেন্ট সিসি গতকাল মঙ্গলবার ফ্রান্সের বেতারকেন্দ্র ইউরোপ ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আর কোনো বিকল্প নেই।... লিবিয়ার জনগণ অবশ্যই এ বিষয়ে একমত হবে যে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাৎক্ষণিক ও কার্যকর’ পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। বিমান হামলার জন্য মিসরকে রাজনৈতিক ও সরঞ্জামগত সমর্থন দিতে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানরত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রতিও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
সামরিক প্রধানেরা সৌদি আরবে: আইএসবিরোধী আলোচনায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রধানেরা আজ বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জড়ো হচ্ছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। আগের বৈঠকের ধারাবাহিকতায় এটি হচ্ছে। এতে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটভুক্ত সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক নেতারা অংশ নেবেন। মূলত এ বৈঠকে তথ্য আদান-প্রদান করা হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এতে হবে না।
ইরাকে অস্ত্র পাঠাচ্ছে ইরান: গার্ডিয়ান পত্রিকার খবরে বলা হয়, ২০০৭ সালে পাস হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৪৪৭ অনুসারে ইরানের ভারী অস্ত্রশস্ত্র বিক্রি বা রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটি আইএসবিরোধী লড়াইয়ের জন্য ইরাকে অস্ত্র রপ্তানি করছে। খবরে বলা হয়, বিষয়টি গোপনে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যরা। তেহরান সরকারের অভ্যন্তরীণ এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।