লিবিয়ার অদূরে ডোবা নৌকার দুই শতাধিক আরোহী নিখোঁজ
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা অভিবাসীদের গতকাল বৃহস্পতিবার ইতালির সিসিলি দ্বীপে নেওয়া হয়েছে। ওই নৌকার দুই শতাধিক আরোহী গতকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন। বিশাল মাছ ধরা নৌকাটিতে করে নারী ও শিশুসহ ছয়
শতাধিক মানুষ ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার পর বুধবার দুর্ঘটনার শিকার হয়। খবর এএফপির।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি লিবিয়া উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে উল্টে যায়। পরে তাৎক্ষণিকভাবে আইরিশ নৌবাহিনী ১২ জন নারী, ১৩ শিশুসহ ৩৬৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের সিসিলি দ্বীপে নেওয়া হয়।
দুর্ঘটনার পর আইরিশ নৌবাহিনী ২৫টি লাশও উদ্ধার করে। এ ছাড়া নিখোঁজ আরোহীদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়। এতে ইতালির উপকূলরক্ষীরাও অংশ নেন। গতকালও সারা দিন তল্লাশি চালানো হয়। কিন্তু এ সময়ের মধ্যে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলেছে, বুধবার উদ্ধার হওয়া অভিবাসনপ্রার্থীদের মধ্যে এক শিশুসহ ছয়জনের অবস্থা গুরুতর। তাদের জরুরি চিকিৎসাসেবা দিতে হেলিকপ্টারে করে ইতালির লামপেদুসা দ্বীপে নেওয়া হয়।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতকবলিত দেশ থেকে সাগরযাত্রার অনুপযোগী নৌযানে ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা সাম্প্রতিক সময়ে বহুগুণ বেড়েছে। চলতি বছর দুই হাজারের বেশি অভিবাসনপ্রার্থী ভূমধ্যসাগরে ডুবে প্রাণ হারিয়েছেন।