লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪০০ অভিবাসীর মৃত্যু
লিবিয়ার উপকূলে গত রোববার নৌকা ডুবে প্রায় ৪০০ অবৈধ অভিবাসীর মৃত্যু হয়েছে। উদ্ধার করে ইতালিতে নিয়ে যাওয়া প্রাণে রক্ষা পাওয়া যাত্রীরা এ কথা জানান। খবর এএফপির।
গত সোমবার ইতালির কোস্টগার্ড জানায়, ডুবে যাওয়া নৌকার ১৪৪ জন যাত্রীকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছে। এ ছাড়া তারা নয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। নৌকাটির আরোহীদের বেশির ভাগই আফ্রিকার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, গত মঙ্গলবার সকালে উদ্ধার করা জীবিত যাত্রীরা দক্ষিণ ইতালির রেজিও ক্যালাব্রিয়ায় পৌঁছান। ওই যাত্রীদের উদ্ধৃতি দিয়ে সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানায়, ‘ডুবে যাওয়া নৌকার ৪০০ জন যাত্রী মারা গেছেন। লিবিয়ার উপকূল ছাড়ার ২৪ ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়।’ প্রতিষ্ঠানটি আরও জানায়, বেঁচে যাওয়া ও নিহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর রয়েছে।
ইতালি থেকে আইওএমের এক মুখপাত্র এএফপিকে জানান, বেঁচে যাওয়া ব্যক্তিরা তাঁদের জানান, নৌকাটিতে পাঁচ শ থেকে সাড়ে পাঁচ শ যাত্রী ছিলেন। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ইতালির উদ্ধারকারী দলটিকে দেখামাত্র যাত্রীরা দৃষ্টি আকষর্ণের চেষ্টা করলে তাঁদের নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হয়। তিনি বলেন, ‘নৌকাডুবির ঘটনা কীভাবে ঘটল তা জানতে আমরা তদন্ত চালাচ্ছি।’
ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু শুক্র ও সোমবারের ভেতরে তারা প্রায় সাড়ে আট হাজার অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে।
এ বছর ইতালির উপকূলে ডুবে মারা গেছে এক হাজার আশ্রয়প্রার্থী। সর্বশেষ এ ঘটনা নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের ব্যাপারে ইতালিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে আবহাওয়া ভালো থাকায় বিভিন্ন ধরনের নৌযানে করে ইতালিতে যাওয়ার জন্য অবৈধ অভিবাসীদের তৎপরতা বেড়ে গেছে। পাশাপাশি লিবিয়ার সহিংস এবং বিশৃঙ্খল পরিস্থিতিও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।