
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রবাসে গঠিত লিবিয়ার ‘ঐক্যের সরকারের’ নেতারা গতকাল বৃহস্পতিবার রাজধানী ত্রিপোলি পৌঁছেছেন। জাতিসংঘ দেশটির সব পক্ষকে নতুন সরকারের আনুগত্য মেনে নিয়ে তাদের হাতে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা তুলে দিতে বলেছে। তবে ত্রিপোলি দখল করে রাখা ইসলামপন্থী সরকার জেনারেল ন্যাশনাল কংগ্রেস নতুন এ সরকারের নেতাদের আগমনকে ‘অনুপ্রবেশ’ আখ্যায়িত করায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ত্রিপোলির ক্ষমতাসীন প্রশাসন নতুন আসা নেতাদের হয় আত্মসমর্পণ কিংবা দ্রুত লিবিয়া ছাড়তে বলেছে।
লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে কার্যত দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ লিবিয়া শাসন করছে। একটি গ্রুপ জেনারেল ন্যাশনাল কংগ্রেস নামে ত্রিপোলি ও তার আশপাশের অঞ্চল দখলে রেখেছে। অন্য একটি গ্রুপ পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক দখল করে সেখানে তাদের শাসন বজায় রেখেছে। এদের বাইরেও দেশটির বিভিন্ন অংশে ছোট ছোট সশস্ত্র গ্রুপ নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াই চালাচ্ছে।
লিবিয়ার এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে জাতিসংঘের উদ্যোগে গত বছরের শেষ দিকে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে ‘গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড’ নামে তৃতীয় একটি ঐকমত্যের সরকার গঠন করা হয়। লিবিয়ার দুই অংশের দখল ধরে রাখা দুটি প্রশাসনের স্থলে এই তৃতীয় সরকার বহাল করার চেষ্টা করছে জাতিসংঘ।
গতকাল জাতিসংঘ-সমর্থিত নতুন সরকারের প্রধানমন্ত্রী ফাইয়েজ আল সারাজসহ মোট সাতজন সদস্য তিউনিসিয়া থেকে নৌপথে ত্রিপোলিতে যান। ত্রিপোলি নিয়ন্ত্রণকারী সশস্ত্র গ্রুপের হামলার আশঙ্কার কারণে তাঁরা বিমানে সেখানে যেতে পারেননি। গতকাল তাঁরা ত্রিপোলির একটি নৌঘাঁটিতে অবস্থান করছিলেন।
নৌঘাঁটিতে আসার পর ঐকমত্যের সরকারের প্রধান ফাইয়েজ আল সারাজ সাংবাদিকদের বলেন, তাঁরা লিবিয়ার জনগণকে নতুন সরকারের আনুগত্য মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এ ছাড়া তিনি সংঘাতরত সব পক্ষকে আলোচনায় বসে শান্তিপূর্ণভাবে এই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেন।
এর কিছুক্ষণ পরই ত্রিপোলির নিয়ন্ত্রণে থাকা জেনারেল ন্যাশনাল কংগ্রেসের প্রধান খলিফা আল ঘাউয়ি বলেন, তাঁর ‘সরকার’ এই ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ হয় আত্মসমর্পণ নয়তো যেখান থেকে এসেছেন সেখানেই তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ঘাউয়ি বলেন, এসব ‘বিদেশির’ হাত থেকে লিবিয়াকে ‘বাঁচাতে’ তাঁরা বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছেন।
লিবিয়ায় জাতিসংঘের দূত মার্টিন কবলার নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। লিবিয়ার রাজনৈতিক বিশ্লেষক মোহামেদ এলজারহ্ বলেছেন, ঐকমত্যের সরকারের সদস্যদের উপস্থিতি দেশকে নতুন এক সংকটের মুখে ফেলে দিয়েছে।