লিবিয়ায় অবশেষে 'ঐতিহাসিক' মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিবদমান দুই পক্ষ গতকাল রোববার বলেছে, চলমান অচলাবস্থা নিরসনে তারা মতৈক্যে পৌঁছেছে। মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে সহিংসতা ও রাজনৈতিক সংকট চলছে লিবিয়ায়। খবর এএফপির।
ত্রিপোলিভিত্তিক জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) জ্যেষ্ঠ উপপ্রধান আওয়াদ মোহাম্মদ আবদুল-সাদিক গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যার জন্য অপেক্ষা করছে লিবীয় জনগণ, আরব জনগণ ও গোটা বিশ্ব।’ সাদিক ‘ঐতিহাসিক এ সুযোগটি’ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জিএনসির কর্মকর্তারা লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু রাজধানী থেকে উৎখাত হওয়া পার্লামেন্ট প্রতিনিধি পরিষদের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দিন ধরে আলোচনা চালিয়ে আসছিলেন। তিউনিসিয়ার রাজধানী তিউনিসের উপকণ্ঠে এ আলোচনা চলছিল। জিএনসির একজন কর্মকর্তা বলেন, মতৈক্য অনুযায়ী নতুন একটি প্রতিনিধিত্বশীল সংস্থা গঠন করা হবে। এটি একটি কমিটি গঠন করবে, যা ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচন করবে।
২০১১ সালের অক্টোবরে দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় ব্যাপক অস্থিতিশীলতা চলে আসছে। সেখানে পাল্টাপাল্টি দুই সরকার ক্ষমতার জন্য লড়ছে। এ ছাড়া দেশের বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য লড়ছে অনেক সশস্ত্র বাহিনী। কট্টর ইসলামপন্থীসহ একটি মিলিশিয়া জোট ২০১৪ সালের আগস্টে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ দখল করে।