লিবিয়ায় ক্ষমতা দৃঢ় করল ঐকমত্যের সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জাতিসংঘের সমর্থনপুষ্ট ঐকমত্যের সরকারের নেতারা গতকাল বুধবার দেশটির আর্থিক রাজস্ব ও প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার পদক্ষেপ নিয়েছেন। নির্দেশ দিয়েছেন ‘সব সরকারকে’ তাঁদের কর্তৃত্ব মেনে নেওয়ার। লিবিয়ার ত্রিপোলিভিত্তিক বিদ্রোহী মদদপুষ্ট সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণার পরদিনই ঐকমত্যের সরকার এসব পদক্ষেপ নিল।
লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর কার্যত ত্রিপোলি ও তোবরুকে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ লিবিয়া শাসন করতে থাকে। সবশেষ ত্রিপোলির বিদ্রোহী প্রশাসনের সব বাধা উপেক্ষা করেই জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রবাসে গঠিত লিবিয়ার ঐকমত্যের সরকার বা তৃতীয় সরকার রাজধানী ত্রিপোলিতে পৌঁছায় গত বৃহস্পতিবার। এর এক সপ্তাহ না যেতেই মঙ্গলবার ত্রিপোলির সরকার ক্ষমতা ছাড়ার ঘোষণা দিল। জানা গেছে, ঐকমত্যের সরকারের প্রধানমন্ত্রী ফাইয়েজ আল সারাজের সঙ্গে জাতি–সংঘ দূত মার্টিন কবলারের আলোচনার পরিপ্রেক্ষিতে এসেছে ত্রিপোলি সরকারের ওই ঘোষণা। ত্রিপোলি শাসন করা বিদ্রোহী প্রশাসন এক বিবৃতিতে জানায়, দেশের স্বার্থ আরও সমুন্নত রাখতে, রক্তপাত ও বিভাজন এড়াতে তারা পদত্যাগ করছে। বিবৃতিতে খলিফা আল ঘাউয়ির নেতৃত্বাধীন তথাকথিত ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের লোগো লাগানো ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ত্রিপোলির অস্বীকৃত প্রধানমন্ত্রীসহ তাঁর পুরো মন্ত্রিসভা পদত্যাগ করছে।
এদিকে, ঐকমত্যের সরকার বা গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) গতকাল বুধবার তাদের ফেসবুক পাতায় কেন্দ্রীয় ব্যাংক ও অডিট ব্যুরোকে নির্দেশ দেয়, সরকারি চাকুরেদের বেতন দেওয়ার অর্থ ছাড়া সব রাষ্ট্রীয় অ্যাকাউন্ট জব্দ করার। একই সঙ্গে সব সরকারের ‘মন্ত্রী, ইনস্টিটিউট ও কমিটিকে’ জিএনএ কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও এর লোগো ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এখন ঐকমত্যের সরকারের কাজ হবে, লিবিয়ার তোবরুক শহরভিত্তিক সরকারের তরফ থেকেও একই ধরনের সম্মতি আদায় করা।