লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহর জেলিতেনে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আজ বৃহস্পতিবার ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

কেউ তাৎ​ক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এখানকার মেয়র মিফতা হামাদি বলেন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে জড়ো হওয়া প্রশিক্ষণার্থীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় বাসিন্দারা হতাহতদের গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে মিসরাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রগুলো বলছে, বেসামরিক ব্যক্তিসহ অন্তত ৬৫ জন নিহত হয়েছে। তবে একজন কর্মকর্তা বলেন, নিহতের সংখ্যা ৫০-৬০।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পানি আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাকে করে বোমা বহন করে বিস্ফোরণ ঘটান এক আত্মঘাতী বোমা হামলাকারী।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের সময় শ তিনেক ব্যক্তি ছিল। তাদের বেশির ভাগই কোস্ট গার্ডের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর মোহাম্মদ ওমর বলেন, হামলায় ৫০-৫৫ জনের মতো নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলিতেন হাসপাতালের মুখপাত্র মোয়ামের কাদি বলেন, তাদের এখানে ৪০টি মরদেহ আনা হয়েছে। আর আহত ৭০ জনকে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। তবে হতাহতের সংখ্যা ঠিক কত, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে তিনি জানান। কারণ হিসেবে তিনি বলেন, হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার ঘটনার পর পরই লিবিয়ায় জাতিসংঘের দূত মার্টিন কোবার টুইটে বলেন, এটি আত্মঘাতী হামলা। তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জা​নাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে লিবিয়াবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: