লিবিয়ায় ইসলামপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোনো বিমান হামলা চালায়নি বলে গত সোমবার দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। রাজধানী ত্রিপোলিতে এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত অন্তত দুই দফা বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এসব হামলার বিষয়ে আগে কিছুই জানত না। খবর এএফপি ও আল-জাজিরা।
দুই কর্মকর্তার দাবি, ত্রিপোলিতে হামলায় মিসরের বিমানঘাঁটি ব্যবহার করা হয়। এতে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বা কোনো সহযোগিতাও দেয়নি।
ওই হামলার বিষয়ে নিউইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদন প্রকাশ করে। পরে মিলিশিয়ারাও একই অভিযোগ করে। খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ১৮ আগস্ট ত্রিপোলিতে মিলিশিয়াদের লক্ষ্য করে প্রথম হামলা চালায়। ওই হামলায় ছয়জন নিহত হয়। গত শনিবার দ্বিতীয় দফায় মিলিশিয়াদের অস্ত্রভান্ডারে হামলা চালানো হয়।
ত্রিপোলি বিমানবন্দর অভিমুখী মিলিশিয়াদের প্রতিরোধে এই হামলা চালানো হতে পারে। তবে হামলার পরও শনিবার মিলিশিয়ারা বিমানবন্দরটির দখলে নেয়।
পত্রিকাটির খবরে আরও বলা হয়, ত্রিপোলিতে হামলার জন্য আরব আমিরাত সামরিক বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও ক্রু সরবরাহ করে। কায়রো বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়। লিবিয়ায় বিমান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মিসর। আমিরাত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত ইব্রাহিম দাব্বাশি বলেন, ‘আমি বিশ্বাস করি না, মিসর ও সংযুক্ত আরব আমিরাত এসব হামলা চালিয়েছে।’
লিবিয়ার বিভিন্ন গোষ্ঠী ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও পরে হত্যা করে। এর পর থেকে দেশটিতে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।