লেবানন সংকট নিরসনে ফ্রান্সের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদ হারিরি, এমানুয়েল মাখোঁ
সাদ হারিরি, এমানুয়েল মাখোঁ

লেবানন সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লুদরিও সৌদি আরব সফর করছেন। দেশটির রাজধানী রিয়াদে গতকাল বৃহস্পতিবার তিনি সদ্য পদত্যাগকারী লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পরে সাদ হারিরি জানান, তিনি শিগগিরই ফ্রান্সে যাচ্ছেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও একই কথা জানান।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ‘জ্যঁ-ইভ লুদরিও বুধবার সৌদি আরবে পৌঁছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সাদ হারিরির সঙ্গে সাক্ষাৎ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর গতকাল এক সংবাদ সম্মেলনে জ্যঁ-ইভ বলেন, সাদ হারিরি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি যেকোনো সময় ফ্রান্সে গিয়ে মাখোঁর সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়টি সৌদি যুবরাজকে জানানো হয়েছে। তবে সাদ হারিরি কবে ফ্রান্সে যাবেন, সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

১৯৪৩ সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল লেবানন। সেখানকার সংকট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ফরাসি কর্তৃপক্ষ।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার অভিযোগ করেছেন, সৌদি আরব সাদ হারিরিকে ‘আটক’ করে রেখেছে। হারিরি ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। লেবাননের প্রেসিডেন্টের দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে এক টুইটে বলেন, ‘১২ দিন পরও সাদ হারিরি লেবাননে ফিরতে না পারায় আমরা মনে করছি তাঁকে আটক করে রাখা হয়েছে, যা ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক।’

এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, সাদ হারিরি শুধু দেশে ফিরে গেলেই প্রমাণিত হবে তিনি স্বাধীন। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে প্যারিসে বৈঠক করেন। এরপরই কূটনৈতিক উদ্যোগ নেয় ফ্রান্স। বাসিল বলেন, তাঁরা আশা করছেন, সমস্যার দ্রুত সমাধান হবে এবং সাদ হারিরি দেশে ফিরবেন। এরপর তিনি যা করতে চান তা-ই করবেন।

বাসিল আজ শুক্রবার মস্কো সফর করবেন। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাঁর বৈঠক হবে। এতে লেবানন সংকট ও সাদ হারিরির ‘আটকের’ বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।