লড়াই গতি পাচ্ছে: ডেম্পসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই গতি পাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জেনারেল মার্টিন ডেম্পসি। তবে আইএসবিরোধী লড়াই কয়েক বছর ধরে চলতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল ডেম্পসি গত শনিবার অঘোষিত ইরাক সফরে গিয়ে এ কথা বলেছেন। ইরাকি সেনাবাহিনী দেশটির গুরুত্বপূর্ণ শহর বাইজি ও এর কাছে অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগার থেকে আইএসকে হটিয়ে দিয়েছে বলে খবর বেরোনোর পর এ মন্তব্য করলেন তিনি।
যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এ ছাড়া ইরাকে বর্তমানে এক হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ডেম্পসি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এবং আইএসের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বাগদাদে যান। তিনি বাগদাদে মার্কিন দূতাবাসে মেরিন সেনাদের একটি গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এ সময় ডেম্পসি বলেন, আইএস ১০ ফুট উচ্চতার যোদ্ধাদের কোনো বাহিনী নয়। বরং তারা ‘অতি ক্ষুদ্রাকৃতি মানুষের একটি দল’, যারা চরমপন্থী একটি মতাদর্শকে লালন করে।
মেরিন সেনাদের উদ্দেশে ডেম্পসি বলেন, পরিস্থিতি আইএসের বিরুদ্ধে যেতে শুরু করেছে। তবে আইএসকে পরাজিত করা যুক্তরাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। আর এ লড়াইয়ে জয়ী হতে ‘কয়েক বছর’ সময় লাগবে।