লড়াই ছড়িয়েছে আলেপ্পোয়, হাসপাতালেও হামলা
যুদ্ধকবলিত সিরিয়ার আলেপ্পো শহরের বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে গতকাল বুধবার লড়াই হয়েছে। এ ছাড়া বোমা হামলা হয়েছে একটি হাসপাতাল ও রেস্তোরাঁয়।
এ লড়াই ও হাসপাতালে হামলার ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা না গেলেও রেস্তোরাঁয় হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সম্প্রতি রাশিয়ার বিমান হামলার সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরালো করেছে। এমন পরিস্থিতিতে গতকাল দুই পক্ষের মধ্যে ওই প্রচণ্ড লড়াই বাধে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
ছয় বছর ধরে চলা সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় আরও অগ্রসর হয়েছে সরকারি বাহিনী। আর বিদ্রোহীদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলেপ্পোর কেন্দ্রে অবস্থিত এলাকাগুলোতে দৃশ্যত আরও স্থল হামলার প্রস্তুতি হিসেবে সরকারি বাহিনী সৈন্যসমাবেশ ঘটাচ্ছে।
আলেপ্পো শহরের বিভিন্ন অংশের ওপর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের আলাদাভাবে নিয়ন্ত্রণ বজায় রয়েছে।