শক্তিশালী সেই বোমায় ক্ষয়ক্ষতি কতটা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুড়ঙ্গের ভেতরটা দেখাচ্ছেন আরেক সেনাসদস্য
সুড়ঙ্গের ভেতরটা দেখাচ্ছেন আরেক সেনাসদস্য

যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল তাদের অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটি ছুড়েছে আফগানিস্তানে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন একটি সুড়ঙ্গের ওপর বিমান থেকে বোমাটি ফেলা হয়। মার্কিন সেনাবাহিনীতে ‘মাদার অব অল বম্ব’ (এমওএবি বা ‘সব বোমার মা’) নামে পরিচিত ৯ হাজার ৮০০ কেজির এ বোমায় সেখানে কী ক্ষয়ক্ষতি হয়েছিল, তা দেখতে গিয়েছিলেন বিবিসির একজন সাংবাদিক।
ঘটনাস্থল নানগারহার প্রদেশে তিন ধরনের মার্কিন যুদ্ধবিমান বোমাবর্ষণ করে। উপত্যকার কিছু অংশে একটি বোমা আঘাত হানে। স্থানীয় একজন তরুণ সেনা বিবিসির সাংবাদিককে বলেন, সেখানেই মার্কিনরা ছুড়েছিল ‘সব বোমার মা’।
ঘটনাস্থল দেখে সে রকম কিছু বোঝার জো নেই। তেমন বড় কোনো গর্ত নেই। ধ্বংসচিহ্ন সামান্য। আফগান এক কর্মকর্তা বললেন, যতটা ভয়ংকর মনে হয়েছিল, বোমাটা সেভাবে বিস্ফোরিত হয়নি। ১০০ মিটার দূরেও সবুজ গাছপালা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। দৃশ্যত, সব বোমার মা তার নামের প্রতি ‘সুবিচার করতে’ ব্যর্থ হয়েছে।

বোমা বিস্ফোরণের স্থানটি দেখাচ্ছেন এক সেনাসদস্য
বোমা বিস্ফোরণের স্থানটি দেখাচ্ছেন এক সেনাসদস্য

আইএসের বেশ কয়েকজন জঙ্গি অবশ্য ওই বোমায় নিহত হয়েছে। তবে তাদের সংখ্যাটা অজানা। আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বলেছেন, অন্তত ৯০ জন নিহত হয়ে থাকতে পারে। তবে এ রকম আরও শতাধিক গুহায় জঙ্গিরা লুকিয়ে আছে।
জেলা পুলিশের কর্মকর্তা মেজর খায়ের মোহাম্মদ সাপাই মৃত আইএস যোদ্ধাদের ছবি দেখিয়ে বিবিসির সাংবাদিককে বললেন, নিহত জঙ্গিদের কেউ কেউ বিদেশি।
মেজরের বক্তব্য সমর্থন করেন স্থানীয় ‘গণজাগরণ’ আন্দোলনের সদস্য হাকিম খান মোমান্দ ও তাঁর সহযোগীরা। স্থানীয় লোকজন তাদের নিরাপত্তার জন্য এই মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছে। হাকিম খান বলেন, স্থানীয় আইএস জঙ্গিদের মধ্যে উজবেক, তাজিক, আরব এবং কুনার প্রদেশের ওয়াহাবি উগ্রপন্থীরা আছে। মার্কিন বাহিনী গোটা অঞ্চল আইএসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কিছু গাছ ও একটি ঘর l বিবিসি
বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কিছু গাছ ও একটি ঘর l বিবিসি

এলাকায় গিয়ে বিবিসির সাংবাদিকের উপলব্ধি, তালেবান জঙ্গিরা আফগান জনসাধারণের অনেকের সমর্থন পেয়েছিল। কিন্তু আইএসের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। জনগণ তাদের ওপর বিরক্ত। মার্কিন বোমাবর্ষণে খুব কম মানুষকেই অসন্তোষ জানাতে দেখা যাচ্ছে। অবশ্য উদ্বেগ আছে। খালেদ নামের একজন বললেন, এখানকার মানুষ যুক্তরাষ্ট্রের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।