শপথ নিলেন নতুন আফগান প্রেসিডেন্ট গণি

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন আশরাফ গণি। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে শপথ নেন সাবেক এই অর্থমন্ত্রী।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনী অনিয়মের অভিযোগকে কেন্দ্র কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর আজ নতুন এক প্রেসিডেন্ট পেল আফগানিস্তান। এর মধ্য দিয়ে ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এই প্রথম দেশটিতে গণতান্ত্রিকভাবে ক্ষমতার রদবদল হলো।
বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হলেন গণি। সমঝোতা অনুযায়ী গণির নির্বাচনী প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন।
গত জুন মাসে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে উভয় প্রার্থী নিজেদের জয়ী দাবি করেন। এতে রাজনৈতিক সংকটে পড়ে আফগানিস্তান।
পরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রবল চাপে উভয় প্রার্থী ঐকমত্যের জাতীয় সরকার গঠনে রাজি হন। সংকট সমাধানে ঐকমত্যের জাতীয় সরকারে প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান নির্বাহীর একটি নতুন পদ সৃষ্টি করা হয়।
ভোট পুনর্গণনায় গণিকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গণি। আরও শপথ নেন প্রধান নির্বাহী আবদুল্লাহ।
দেশের স্বার্থে দুই নেতা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নতুন এই সরকারকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।