শরণার্থী সংকট বৈশ্বিক রূপ ধারণ করেছে উল্লেখ করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, এ সংকট মোকাবিলায় সীমান্তে আটক করে শরণার্থীদের ফেরত পাঠানো কোনো সমাধান হতে পারে না। মাত্র ‘গুটি কয়েক’ দেশ এ চাপ নিচ্ছে। অর্থায়ন ও পুনর্বাসনের উদ্যোগ নিয়ে বাকি দেশগুলোরও এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।
বিবিসির সঙ্গে কথা বলার সময় ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ইতিহাসের অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিজ দেশ ত্যাগ করে শরণার্থী জীবন বেছে নিচ্ছে। সংঘাত ও নানা টানাপোড়েন এর জন্য দায়ী। যুদ্ধ ও সংঘাতপ্রবণ এলাকাগুলোর নিকটবর্তী দেশগুলোই বেশি চাপ নিচ্ছে। এ ছাড়া গুটি কয়েক দাতা দেশ অনুদান দিচ্ছে। এদের মধ্যে সাত-আটটি দেশের কাছ থেকেই আসছে অনুদানের ৮০ থেকে ৯০ শতাংশ অর্থ।
এ চিত্রের পরিবর্তন জরুরি উল্লেখ করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার বলেন, ‘এ চাপ মোকাবিলায় আরও দেশের এগিয়ে আসা উচিত। না হলে, একটা পর্যায়ে অতি চাপের কারণে বর্তমানের আশ্রয় ও অনুদানদাতা দেশগুলো অর্থ ও সীমান্ত বন্ধ করে দিতে বাধ্য হবে। ফলে অস্থিতিশীল হয়ে উঠবে পরিস্থিতি। শরণার্থীদের প্রতি দায়িত্ব পালনে আমরা পুরোমাত্রায় ব্যর্থ হব।’