মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দলশরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে পার্লামেন্টে সমর্থন দিয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক জোটের অনেক নেতা ও বিশ্লেষক আশঙ্কা করছেন, এর ফলে বহু ধর্ম ও জাতিগোষ্ঠীর দেশটিতে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।
ইসলামপন্থী দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া’স (পিএএস) প্রস্তাবিত ওই শরিয়াহ আইনের বিলটি বৃহস্পতিবার সরকার পার্লামেন্টে উত্থাপন করেছে। এতে কয়েকটি বড় অপরাধের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ ও অঙ্গচ্ছেদের বিধান রাখা হয়েছে।
রাজাকের রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল কোয়ালিশনের কয়েকটি দল দেশের সংখ্যালঘু চীনা ও ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তারা এই বিলের সমালোচনা করে বলেছে, এটি ‘অসাংবিধানিক’।
সমালোচকেরা বলছেন, দুর্নীতির অভিযোগের মুখে পড়া প্রধানমন্ত্রী নাজিব রাজাক শরিয়াহ আইনকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। এ বিষয়টি কাজে লাগিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠ মালয় মুসলিম জনগোষ্ঠীর ভোট নিশ্চিত করতে চাইছেন।
নাজিব রাজাক গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জোটভুক্ত নেতাদের আশ্বস্ত করে বলেন, কেবল কিছু অপরাধের শাস্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শুধু মুসলমানদের ওপরই তা কার্যকর হবে।
ক্ষমতাসীন জোটের নেতৃত্বে থাকা ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই বলে এ বিল পাস হওয়ার সম্ভাবনা খুব কম।