শর্তে অটল বাশারবিরোধীরা
জাতিসংঘের আহ্বানে জেনেভায় অনুষ্ঠিত সিরিয়া শান্তি আলোচনায় যোগ দিতে আসা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান বিরোধী জোট হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি) বলেছে, দেশটির সরকারি বাহিনীর হামলা বন্ধ করার যে দাবি তারা করেছিল, সেখান থেকে তারা সরে আসেনি। হামলা বন্ধ না হলে আলোচনা বর্জন করা হবে এমন ঘোষণা তারা আগেই দিয়েছিল। খবর বিবিসির।
সৌদি আরব-সমর্থিত এইচএনসি শনিবার জেনেভায় পৌঁছায়। গতকাল রোববার জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরার সঙ্গে তাদের বৈঠক করার কথা।
এইচএনসির মুখপাত্র সেলিম মুসলেত গতকাল বলেন, তাঁরা সিরিয়া সরকারের কারাগারে বন্দী নারী ও শিশুদের মুক্তি চান। তাঁরা চান হামলা বন্ধ হোক এবং বড় শহরে ত্রাণ-সহায়তা পৌঁছানোর ব্যবস্থা হোক। তবে এটিই আলোচনার একমাত্র পূর্বশর্ত না। মুসলেত বলেন, ‘সিরিয়ার একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার ফলে সৃষ্ট সমস্যা সমাধানের বিষয়ে আমরা সব সময় আশাবাদী। তিনি (প্রেসিডেন্ট আসাদ) যদি সমস্যার সমাধান চান, তবে সিরিয়ায় কোনো অপরাধ হবে না, বন্ধ হবে গণহত্যা।’
আলোচনায় অংশ নিতে এই মুখপাত্রের সুর একটু নরম হলেও এইচএনসির প্রধান রিয়াদ হাজিব এক বার্তায় বলেছেন, ‘সিরিয়ার সরকার যদি হামলা চালাতেই থাকে, তবে প্রতিনিধিদলের জেনেভায় অবস্থান সম্ভব হবে না।’
প্রায় দুই বছর পর এবারের এই আলোচনা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। প্রথম দিন আলোচনায় সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের প্রতিনিধিরা। জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি হবে ঐকমত্যের আলোচনা। ছয় মাস ধরে এই আলোচনা চলবে।