শান্তি যেন মরীচিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক সংকট ও রক্তপাত অবসান নিয়ে পশ্চিমারা পড়েছে এক ঘোর অনিশ্চয়তায়। নিকটতম প্রতিবেশী পাকিস্তানও এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয়ভাবে ঐক্যবদ্ধ নয়। স্বাভাবিকভাবেই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি এক অবাস্তব আশা হয়েই থেকে যাচ্ছে।

এমন হতাশার মধ্যেই গতকাল বুধবার আফগান রাজধানী কেঁপে উঠল আরেক দফা শক্তিশালী বোমা হামলায়। কাবুলের সুরক্ষিত কূটনৈতিক এলাকায় গাড়িবোমার প্রচণ্ড বিস্ফোরণে রক্ত ঝরেছে বহু সাধারণ মানুষের। তবে সেখানকার বিভিন্ন দেশের দূতাবাসের কর্মীরা নিরাপদেই আছেন।

যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলো গত ১৫ বছরের বেশি সময়েও আফগানিস্তান সমস্যার সমাধান করতে পারেনি। এটা হতাশার। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার জেরে আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া আফগানিস্তানকে শায়েস্তা করতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু তালেবান ক্ষমতা থেকে উৎখাত হলেও এ দীর্ঘ সময়েও দেশটিতে অরাজকতা-বিশৃঙ্খলা ঘোচাতে পারেনি তারা। ইতিমধ্যে লাদেন নিহত হয়েছেন; আফগানিস্তানে ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক সরকার; এর এখন রয়েছে নিজস্ব সেনাবাহিনী ও পুলিশ। এত পরিবর্তন সত্ত্বেও কাঙ্ক্ষিত শান্তির দেখা মেলেনি।

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির সর্বক্ষেত্রে বিরাজ করছে স্থবিরতা। মার খাচ্ছে উন্নয়ন ও পুনর্গঠনপ্রক্রিয়া। নিত্যনৈমিত্তিক চাপে পড়ছে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা। মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক ন্যাটো-ইসাফ বাহিনী, আফগানিস্তানের নিজস্ব অনভিজ্ঞ সেনাবাহিনী ও পুলিশ কেউ এ পরিস্থিতি মোকাবিলায় অত্যাবশ্যক ভূমিকা রাখতে পারছে না।

তবে এ সবই ছাপিয়ে যেটা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে তা হলো, আফগানিস্তানের ৪০ শতাংশ এলাকা আবার দখলে নিয়েছে তালেবান। পাশাপাশি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সেখানে প্রভাব বাড়িয়ে চলেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আরও সেনা পাঠানোর বিষয় বিবেচনা করছেন। একই রকম পদক্ষেপ নিতে তিনি কানাডার মতো দেশগুলোকে চাপ দিচ্ছেন। অস্ট্রেলিয়াও আফগানিস্তানে আরও ৩০ জন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এসব এ বার্তাই দিচ্ছে যে আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বদলে পশ্চিমা দেশগুলো সেখানে আরও বেশি সংশ্লিষ্ট হতে চাইছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে যেভাবে বিভক্তি বাড়ছে, তাতে বিদেশি শক্তিগুলো আফগানিস্তান নিয়ে আরও বেশি অনিশ্চয়তায় পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও রাজনৈতিক ও সামরিক খাতের কর্তাব্যক্তিরা পশ্চিমা বাহিনীর সহায়তায় আফগানিস্তানে দখলদারি বৃদ্ধির পক্ষে মত দিতে পারেন। বাস্তব অবস্থা হলো, শান্তি প্রতিষ্ঠায় তা কতটুকু সহায়তা করবে, সে বিষয়ে কেউ পরিষ্কার নন।

বিশ্লেষকেরা বলছেন, বিদেশি শক্তির উপস্থিতি কখনো একটা দেশকে স্থিতিশীল করতে পারে না এবং সংশ্লিষ্ট দেশ যতক্ষণ না স্থিতিশীল হয়, ততক্ষণ সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কমার আশাও থাকে কম। আফগানিস্তানের ক্ষেত্রে যেহেতু দেশীয় বাহিনী জঙ্গিদের মোকাবিলায় ততটা সক্ষম নয়, তাই বাইরের শক্তিই আপাত ভরসা। আর এ ভরসা হয়ে উঠতে পারে একমাত্র নিকট প্রতিবেশী পাকিস্তান।