শান্তি-সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে সার্ক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য নিবিড় সংহতি’র প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সার্কের আট দেশের নেতাদের উপস্থিতিতে বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর রীতি অনুযায়ী তিনি স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার হাতে দায়িত্ব দেন।

সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি।

প্রায় তিন দশক হয়ে গেলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে খুব একটা অগ্রগতি হয়নি। দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নে নিজেদের হৃদ্যতা বাড়ানোর তাগিদ থাকে সব সার্ক শীর্ষ সম্মেলনেই। তবে শেষ পর্যন্ত তা আর হয় না। এমন বাস্তবাতার মধ্যেই শুরু হয়েছে এবারের শীর্ষ সম্মেলনটি।

পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই দফা বৈঠকের পরও বিদ্যুৎ খাতে সহযোগিতা চুক্তি সইয়ের ব্যাপারে সদস্য দেশগুলো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে হৃদ্যতা নিয়ে সংশয় জোরালো হয়েছে। এ ছাড়া এবারের সম্মেলনে মোটরযান ও রেল চলাচল চুক্তি সই না হওয়ার বিষয়টিও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নিশ্চিত হয়ে গেছে।

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার সম্মেলন শেষ হবে। পরবর্তী সম্মেলন হবে পাকিস্তানে।

সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন গাইয়ুমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। শুক্রবার দুপুরে শেখ হাসিনার দেশে ফেরার কথা।

এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি ও পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের বাস্তবতায় ভারত চাইছে জোটটি আরও কার্যকর করতে। প্রতিবেশী নেপালে জলবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে ভারত। দেশটি এমন অবস্থায় চুক্তিটি স্বাক্ষর করল, যখন চীন ব্রহ্মপুত্রে বাঁধ দেওয়ার ঘোষণা দিয়েছে। চীন এ কাজটি করলে বাংলাদেশ, ভারত ও নেপালে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সার্কের অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার অবিশ্বাস ও বৈরী সম্পর্ককে। নেপাল ইকোনমিক ফোরামের চেয়ারম্যান সজীব শাক্য যেমনটি বলেন, ‘সার্কের মূল সমস্যা ভারত-পাকিস্তানের মধ্যে বন্দী, এর সঙ্গে এখন যুক্ত হয়েছে আফগানিস্তান।’