শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির এনএলডির ভূমিধস বিজয়ের প্রেক্ষাপটে গতকাল রোববার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন সর্বদলীয় বৈঠকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণায় দেখা যায়, পার্লামেন্টের নিম্নকক্ষে এনএলডি পেয়েছে ২৫৫ ও উচ্চকক্ষে ১৩৫টি আসন। অন্যদিকে ক্ষমতাসীন ইউএসডিপির ঝুলিতে পড়েছে যথাক্রমে ২৯ ও ১২টি আসন।
এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর রাজধানী নেপিডোতে কূটনীতিকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। গত দুই দিনে মার্কিন রাষ্ট্রদূত ডেরেক মিচেল ও জাপানি রাষ্ট্রদূত তাতেসি হিগুচি সেনাবাহিনীর প্রধান মিন অং লিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূত স্পিকারের সঙ্গেও আলাদাভাবে দেখা করেছেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও সাম্প্রতিক নির্বাচন, ক্ষমতা হস্তান্তর এবং বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি গুরুত্ব পেয়েছে। উভয় রাষ্ট্রদূত সফল নির্বাচন করার জন্য মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল রাতে এ ব্যাপারে ইয়াঙ্গুনে দায়িত্বরত দক্ষিণ এশীয় একটি দেশের একজন কূটনীতিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগামী মার্চে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এ রকম কূটনৈতিক তৎপরতা আরও দেখা যাবে। শিগগিরই বিদেশি রাষ্ট্রদূতেরা বিজয়ী দলের নেত্রী অং সান সু চির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁরা একে অপরের মনোভাব বুঝতে চাইবেন।
ইয়াঙ্গুনের ইউএসডিপির সদর দপ্তরে আহূত সর্বদলীয় বৈঠকে এনএলডিসহ অনেক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট নির্বাচনকে তাঁর সরকারের সংস্কার কর্মসূচির অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, সময়সূচি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই পরবর্তী সরকারের কাছে সব দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সে জন্য তাঁর সরকার সম্ভাব্য সবকিছু করেছে।
গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেসিডেন্ট বলেন, বিজয়ী দল যেমন জনগণের মঙ্গলের জন্য সর্বোচ্চ প্রয়াস চালাবে, তেমনি পরাজিত দল ভারসাম্য রক্ষার কাজটি করতে পারে। এমনকি যাঁরা সংসদের বাইরে আছেন, তাঁদেরও এ ব্যাপারে ভূমিকা রয়েছে। সেনাবাহিনীর প্রধান থেকে রাজনীতিতে আসা থেইন সেইন বলেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি বদল হতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই হবে।
মিয়ানমারে ৮ নভেম্বরের নির্বাচনের পর প্রেসিডেন্ট এই প্রথম প্রকাশ্যে এলেন। এর অগে তিনি নির্বাচনে বিজয়ী এনএলডির নেত্রী অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছিলেন।
এদিকে অং সান সু চি প্রেসিডেন্ট, স্পিকার ও সেনাবাহিনীর প্রধানকে যে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই বৈঠকটি আগামী সপ্তাহে হওয়ার কথা। সেখানেই স্পষ্ট হতে পারে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়াটি কীভাবে হবে। অন্যদিকে বিদায়ী পার্লামেন্টের শেষ অধিবেশন বসতে যাচ্ছে আজ সোমবার। এই অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে সু চি ইয়াঙ্গুন থেকে নেপিডো গেছেন। সাংবিধানিকভাবে তিনি এই পার্লামেন্টের বিরোধী দলের নেতা।
অং সান সু চি জয়ী হলেও আগামী মার্চের আগে তাঁর দল ক্ষমতায় যেতে পারছে না। দ্বিতীয়ত, সরকারে তাঁর নিজের অবস্থান কী হবে, সেটিও এখনো স্পষ্ট নয়। বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না। তবে সেনাবাহিনী রাজি হলে সংবিধান সংশোধন অসম্ভব নয়। এর বিকল্প হতে পারে, তিনি অনুগত কাউকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করে কার্যত নিজেই সরকার চালাবেন।
নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে সু চি সমঝোতার সরকার গঠনের কথা বললেও তার ধরন কী হবে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। তবে নির্বাচনের পরপর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন, প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তাঁকে তাঁর কথামতো চলতে হবে। সেনাবাহিনীর প্রধান বলেছেন, দেশের জনগণের কল্যাণে পরবর্তী সরকারকে তাঁরা সর্বতোভাবে সহায়তা করবেন।