শান্তিবাদী জাপানের ইতি ঘটতে যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই জাপানি জিম্মিকে গলা কেটে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় জাপান সরকার আর সে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। তবে প্রধানমন্ত্রী শিনজো আবে ‘সন্ত্রাসীদের মূল্য গুনতে হবে’ যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তাকে জাপানের নীতি বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
সন্ত্রাসী হামলার শিকার হলে পশ্চিমা বিশ্বের নেতারা প্রতিশোধের কথা অহরহই বলে থাকেন। তবে জাপানিদের কাছ থেকে দীর্ঘদিন এমন কথা শোনা যায়নি। দেশটির এ অবস্থানের কারণটি নিহিত বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে। জাপানি ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতো ও সামরিক ঠিকাদার হারুনা ইউকাওয়া আইএসের নির্মমভাবে হত্যার শিকার হওয়ার পর প্রধানমন্ত্রী আবে জবাব দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাতে সামরিক বিষয়ক প্রতিষ্ঠানগুলো বিস্মিত। অনেকেই মনে করছে, এই জিম্মি সংকটের রেশ ধরে জাপান তার দীর্ঘদিনের শান্তিবাদী চেহারার খোলনলচে বদলে ফেলতে পারে।
জাপানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আকিহিশা নাকাশিমা টুইটারে লিখেছেন, ‘জাপান আগে কখনোই তার কূটনীতিতে এই পাশ্চাত্য-ধাঁচের অভিব্যক্তি দেখেনি।’
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মাঝেমধ্যেই সন্ত্রাসবাদের শিকার হলেও জাপানের মতো শান্তিপূর্ণ দেশকে কোনো নৃশংসতার শিকার হতে হবে না বলেই দীর্ঘদিন ধরে মনে করা হতো। ইউকাওয়া ও গোতোর ঘটনার পর সেই বিশ্বাসে চিড় ধরেছে। সাবেক জ্যেষ্ঠ জাপানি কূটনীতিক ও আবের উপদেষ্টা কুনিহিকো মিয়াকে বলেন, ‘এটা জাপানের নাইন-ইলেভেন। সদিচ্ছা ও মহৎ উদ্দেশ্য থাকলেই জাপান বাইরের বিশ্বের ভয়ংকর পরিস্থিতিগুলো থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবে, এই দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।’
জাপানের আধুনিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এই জিম্মি সংকটের ঘটনা ঘটল। দুই বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই রক্ষণশীল প্রধানমন্ত্রী আবে জাপানকে তার শান্তিবাদী চেহারা থেকে বের করে আনার চেষ্টা করছিলেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শোচনীয় পরাজয়ের পর এ নীতি গ্রহণ করতে দেশটি বাধ্য হয়েছিল। আবে এরই মধ্যে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন।
বিশ্লেষক ও কূটনীতিকেরা বলছেন, জঙ্গিদের হাতে দুই জিম্মি নিহত হওয়ার এ ঘটনা বিশ্বমঞ্চে পা রাখতে জাপান আসলেই কতটা প্রস্তুত তার একটা পরীক্ষা। তাঁদের মতে, প্রশ্নটা হচ্ছে এই ধাক্কাটা জাপানের একটি বড় আন্তর্জাতিক শক্তি হওয়ার ইচ্ছাটাকে দমিয়ে দেবে, না সেটাকে আরও প্রবল করবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত এক সাবেক জাপানি রাষ্ট্রদূত মনে করেন, গোতো ও ইউকাওয়ার ঘটনা জাপানিদের ঐক্যবদ্ধ করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সামরিকভাবে সক্রিয় হওয়ার পক্ষে যেমন জনসমর্থন রয়েছে, তেমনি বিপক্ষের জনসমর্থনও কম নয়। এমন প্রেক্ষাপটে আবে অত্যন্ত সতর্কভাবেই পা ফেলছেন। আবে ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনো জাপানের ভূমিকা বেসামরিক পদক্ষেপের মধ্যেই সীমিত রাখতে আগ্রহী। আবে গত সপ্তাহে পার্লামেন্টে বলেন, ‘আমরা কীভাবে আইএসের প্রভাব খর্ব করব এবং চরমপন্থাকে থামাব? এটা অর্জনে জাপানকে তার দায়িত্বটুকু পালন করে যেতে হবে।’
বিশ্লেষকেরা মনে করছেন, আবে প্রকারান্তরে বলেছেন, তিনি সামরিক পথে নয়, আগে যে বেসামরিক সহায়তার পথে ছিলেন, সেটাই অব্যাহত রাখার কথা বলেছেন। তবে এ সহায়তার মাত্রা হয়তো অনেক বাড়বে।