শান্তির জন্য ৩০ নারী

শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে দুই কোরিয়ার মাঝের অসামরিক এলাকা (ডিএমজেড) পার হলেন ৩০ জন নারী আন্দোলনকর্মী। এতে নেতৃত্ব দেন মার্কিন নারীবাদী গ্লোরিয়া স্টাইনেম। খবর বিবিসির।
শান্তিকর্মীদের দলটিতে সদস্য হিসেবে ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী দুই নারী লেইমাহ জিবোয়ি ও ম্যারিয়েড ম্যাগুয়ারও। দলটির সদস্যরা কয়েক দিন উত্তর কোরিয়ায় থেকে একটি বাসে করে গতকাল রোববার দক্ষিণ কোরিয়ায় যান। তবে তাঁদের পরিত্যক্ত গ্রাম পানমুনজমে গাড়ি থেকে নেমে হেঁটে চলতে দেওয়া হয়নি। এই গ্রামেই ১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল।
দলটি কমিউনিস্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কয়েক দিন থাকায় পাশ্চাত্যে অনেকে নাখোশ। উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ডের নিন্দা করতে রাজি না হওয়ায়ও ওই নারী কর্মীদের সমালোচনা হয়েছে। সমালোচকেরা বলছেন, তাঁরা এর মাধ্যমে নিজেদের উত্তর কোরিয়ার প্রচারণার হাতিয়ারে পরিণত করেছেন। তবে দলনেত্রী গ্লোরিয়া স্টাইনেম এ সমালোচনা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথা, নানা বাধাবিঘ্ন ঠেলে মানবিক যোগাযোগ প্রতিষ্ঠাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। দুই কোরিয়ার বিভক্তি যে দুর্ভোগের সৃষ্টি করেছে, তা তুলে ধরাই এর লক্ষ্য। ব্যতিক্রমধর্মী এ সফরকে শান্তি ও সমঝোতার বিজয় বলেই আখ্যা দেন গ্লোরিয়া স্টাইনেম।
শান্তিকর্মীদের দলটি গান গাইতে গাইতে ডিএমজেডের দিকে যাওয়ার পথে প্রথম তল্লাশি চৌকি অতিক্রম করে। ওই নারীরা বলেন, তাঁরা জানান দিতে চান কোরীয় পরিবারগুলো একদিন আবার মিলিত হতে পারবে।
সীমানা পার হওয়া এই নারীরা পরিচিত হয়েছেন ‘উওম্যানক্রসডিএমজেড’ নামে। তবে রক্ষণশীলেরা এর সমালোচনা করেছেন। তাঁরা সীমান্তের কাছে পাল্টা প্রতিবাদ বিক্ষোভও করেন।