শান্তির 'নতুন আশা' নিয়ে ইসরায়েল সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর শেষে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ‘নতুন আশা’ নিয়ে গতকাল সোমবার ইসরায়েলে গেছেন। ইসরায়েল সফরের পর আজ মঙ্গলবার তাঁর পশ্চিম তীরের বেথলেহেম শহরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা, প্রেসিডেন্ট রুভেন রিভলিন এবং মন্ত্রিসভার সদস্যরা রাজধানী তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়াকে স্বাগত জানান। সৌদির রাজধানী রিয়াদ থেকে সম্ভবত এই প্রথম কোনো বিমান সরাসরি ইসরায়েলে অবতরণ করল।
গতকালই ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা এবং চার্চ অব দ্য হলি সেপালকার পরিদর্শনের কর্মসূচি ছিল ট্রাম্পের।
তেলআবিবে পৌঁছে বিমানবন্দরে এক সংক্ষিপ্ত ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমার সফরে আশাবাদী হওয়ার নতুন কিছু কারণ পেয়েছি। এই অঞ্চল এবং এখানকার জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার এক বিরল সুযোগ
আমাদের সামনে রয়েছে। সন্ত্রাসবাদকে পরাজিত করে এবং ঐক্য, সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আর কোনো পথ নেই।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘শান্তির প্রতি ট্রাম্পের অঙ্গীকারের সঙ্গে ইসরায়েলেরও অংশীদারি আছে। এই অঞ্চলে তাঁর প্রথম সফর পুনর্মিলন এবং শান্তির পথে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকুক।’
তেলআবিব যাওয়ার পথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, ট্রাম্প-নেতানিয়াহু-আব্বাসের ত্রিপক্ষীয় বৈঠক ‘পরে কখনো’ অনুষ্ঠিত হতে পারে।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য ‘প্রয়োজনীয় সব রকমের প্রচেষ্টার’ অঙ্গীকার করেছেন ট্রাম্প। তবে ২০১৪ সাল থেকে স্থবির এই শান্তি প্রক্রিয়া কীভাবে আবার শুরু করবেন, সে বিষয়ে তিনি খুব সামান্যই ইঙ্গিত দিয়েছেন।
আগের দিন সৌদি সফরে ট্রাম্প আরব ও ইসলামি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে একটি কঠোর বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সংঘাতে উসকানি দেওয়ার ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন তিনি। এ ছাড়া ইসলাম ধর্ম বিষয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণে সন্ত্রাসী এবং সব ধরনের চরমপন্থীদের বিতাড়ন করতে মুসলিম বিশ্বের নেতাদের আহ্বান জানান। ট্রাম্প এতে ইসলামবিরোধী ভাষা বর্জন করে সহযোগিতার সুরে কথা বলেন।
জেরুজালেমে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। দেশটি সন্ত্রাসী ও জঙ্গিদের অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করছে। এটা অবশ্যই থামাতে হবে, অবিলম্বে।’
বৈঠকে ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির জন্য কথিত একক রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রশ্নে অবস্থান স্পষ্ট করেননি। তিনি বলেছেন, একক রাষ্ট্র যদি শান্তির পথে সহায়ক হয়, তিনি সেটাই সমর্থন করবেন। ট্রাম্পের এ বক্তব্যে ইসরায়েলের ডানপন্থীরা খুশি। কারণ, তাঁরা পশ্চিম তীরের অধিকাংশ এলাকা ইসরায়েলের দখলে নিতে চান। একই সঙ্গে ট্রাম্প পশ্চিম তীরে বসতি স্থাপন ও সম্প্রসারণ বন্ধ রাখতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।