
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘মাইলফলক’ হবে। সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করছে।
আজ সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানিউ। তাঁকে উদ্ধৃত করে দেশটির সরকারি দৈনিক গ্লোবাল টাইমস এ খবর প্রচার করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে ওই দেশের সম্পর্ক দেখভালের দায়িত্বে নিয়োজিত আছেন কং জুয়ানিউ। তাঁর মতে, শি জিনপিংয়ের সফরটি হবে দুই দেশের সম্পর্কের একটি ‘মাইলফলক’। এই সফরের জন্য দুই পক্ষ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করছে এবং এ সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে ১৪ অক্টোবর সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকায় আসছেন। ঢাকা সফরের সময় তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শি জিনপিং।
গত তিন দশকের মধ্যে শি জিনপিং হতে যাচ্ছেন বাংলাদেশ সফরকারী চীনের প্রথম প্রেসিডেন্ট।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাংকে উদ্ধৃত করে সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আজ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৩ থেকে ১৭ অক্টোবর কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারত সফর করবেন। এর মধ্যে তিনি দ্বিপক্ষীয় সফরে কম্বোডিয়া ও বাংলাদেশ এবং অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া সফর করবেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শি জিনপিং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির আমন্ত্রণে কম্বোডিয়ায় এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শি জিনপিং গোয়ায় অনুষ্ঠেয় পাঁচ জাতির জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।