
আলোচিত ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে গত দুই বছর সব পারমাণবিক চুল্লি বন্ধ রেখেছিল জাপান। উচ্চ জ্বালানি চাহিদার শিল্পোন্নত দেশটি সম্প্রতি একটি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করেছে। সরকারের প্রত্যাশা, আগামী কয়েক বছরে তারা অন্তত ১৪টি চুল্লি চালু করতে পারবে। কিন্তু তথ্য-উপাত্ত বলছে, বাস্তবে সাতটিও চালু করা যাবে না।
২০১১ সালের মার্চে জাপানে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে সৃষ্টি হয় শক্তিশালী সুনামির। যুগপৎ এ আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। সেখানকার বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বহু দূর পর্যন্ত। এ ঘটনার পর দেশটিতে পরমাণুবিরোধী মনোভাব জোরালো হয়। ফলে একের পর এক পারমাণবিক চুল্লি বন্ধ হয়ে যেতে থাকে। ২০১৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ চুল্লিটিও বন্ধ হয়ে যায়।
জাপানিদের ভেতরে পরমাণুবিরোধী মনোভাব এখনো প্রবল। এরপরও দেশটি ধীরে ধীরে আবার পারমাণবিক শক্তির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে গত আগস্টের মাঝামাঝি সময়ে প্রথম পারমাণবিক চুল্লি হিসেবে সেন্দাই-১ চুল্লিটি আবার চালু করা হয়েছে।
জাপানের কর্মক্ষম পারমাণবিক চুল্লি রয়েছে মোট ৪২টি। কর্তৃপক্ষের গত বছর চালানো একটি জরিপে অনুমান করা হয়েছিল, আগামী কয়েক বছরে অন্তত ১৪টি চুল্লি পুনরায় চালু করা যাবে। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, টোকিও ওই সময়ে সাতটি চুল্লির বেশি চালু করতে সক্ষম হবে না। এই অনুসন্ধানের ভিত্তি হচ্ছে দেশটির পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনআরএ) বিভিন্ন পরিদর্শনের তথ্য-উপাত্ত, আদালতের বিভিন্ন রুলিং এবং স্থানীয় কর্তৃপক্ষ ও জ্বালানি বিশেষজ্ঞদের সাক্ষাৎকার। বিশ্লেষণে আরও দেখা যাচ্ছে, ৪২টি চুল্লির মধ্যে নয়টি সম্ভবত আর কখনোই চালু করা যাবে না। বাকি ২৬টির ভবিষ্যৎও অন্ধকারে।
প্যারিসভিত্তিক জ্বালানি বিশ্লেষক মিকেল শিনিদার বলেন, ‘ফুকুশিমা বিপর্যয়ের পর এই সাড়ে চার বছরে জাপান সরকার, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ও এনআরএ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করতে সফল হয়নি। তাই চুল্লিগুলো আবার চালু হওয়ার বিষয়টি এখনো ধোঁয়াশাচ্ছন্ন।’
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাপানের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এককথায় বিপদে রয়েছে। তারা উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে রেকর্ড মাত্রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করছে।
জাপানের প্রতিটি পারমাণবিক চুল্লিই আবার চালু করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে দেশটির সবচেয়ে নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কানসাই ইলেকট্রিক পাওয়ার (কেইসি) আদালতের রুলিং থাকায় তাদের চারটি চুল্লির একটিও চালু করতে পারছে না। অথচ দুটি চুল্লি পুনরায় চালুর ব্যাপারে তারা এনআরএর অনুমোদন পেয়েছে। কেইসি ওই রুলিং পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। কপারমাণবিক চুল্লিগুলো আবার চালুর পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার মানদণ্ডসংক্রান্ত কিছু নিয়ম-কানুনও। ফুকুশিমা বিপর্যয়ের প্রেক্ষাপটে এসব মানদণ্ড কঠোরভাবে মানা হচ্ছে।