শিনজিয়াংয়ে রোজা রাখায় নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে বিশেষ করে মুসলিম অধ্যুষিত শিনজিয়াং এলাকায় সরকারি কর্মচারী ও ছাত্র-শিক্ষকদের রোজা রাখা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রকাশ্যে পানাহার করার জন্য সেখানে দিনভর রেস্তোরাঁ ও খাবারের দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এএফপির।
সৌদি আরব ও চীনসহ কয়েকটি দেশ গতকাল বৃহস্পতিবার শুরু হয় পবিত্র মাহে রমজান। গত সপ্তাহে শিনজিয়াংয়ের জিংঘে কাউন্টির রাষ্ট্রীয় ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, রমজান চলাকালে খাবারের দোকান আর দশটি দিনের মতোই খোলা থাকবে।
প্রতিবেশী বোল কাউন্টিতে রোজা ও অন্যান্য ধর্মীয় আচার পালন না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উইঘুর মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই কড়াকড়ি আরোপের ফলে ওই এলাকায় ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে এই এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়। চীনা কর্তৃপক্ষ বলছে, শিনজিয়াংয়ে ‘ধর্মীয় চরমপন্থীরা’ সহিংস হয়ে উঠছে। এ কারণে দেশটি সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে।