শিমন পেরেজের মৃত্যু
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও শান্তিতে নোবেল জয়ী শিমন পেরেজ আজ বুধবার তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
শিমন পেরেজের চিকিৎসক এএফপিকে বলেছেন, দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রাজনীতিবিদ।
শিমন পেরেজের জামাতা রাফি ওয়ালডেন বলেন, ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি তাঁকে এমন একজন বন্ধু বলে উল্লেখ করেন যিনি শান্তির সম্ভাবনার আশা কোনো দিন ছাড়েননি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল শান্তি-সমঝোতার ক্ষেত্রে আন্তরিক চেষ্টা চালিয়ে যাওয়া এক ব্যক্তিত্বকে হারাল মধ্যপ্রাচ্য।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর শিমন পেরেজ দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
ফিলিস্তিনের সঙ্গে ১৯৯৩ সালে শান্তি চুক্তির পরের বছর ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ও ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান শিমন পেরেজ।
সরকারের দায়িত্ব ছাড়ার পর জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন এই রাজনীতিবিদ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে চলা পেরেজ সেন্টার ফর পিসের কর্মকাণ্ডেই বেশি সময় ব্যয় করতেন তিনি।