শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় শিয়া মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ গতকাল শনিবার বিক্ষোভ করেছে। খবর রয়টার্সের।
সমবেত জনতা শিয়া মিলিশিয়াদের প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেয়। ‘প্রত্যাখ্যান আন্দোলন’ নামের একটি সংগঠন বিভিন্ন প্রদেশে সম্প্রতি সংগঠিত হয়ে মিলিশিয়াদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। হুতি মিলিশিয়াদের সমর্থকেরা গতকালের এ সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে জনসমাগম বাড়তে থাকলে তারা জায়গা ছেড়ে চলে যায়।
সমবেত জনতা পরে প্রেসিডেন্ট আবদরাবুহ মনসুর হাদির বাসভবনের দিকে যায় এবং তাঁর ‘পদত্যাগ প্রত্যাখ্যানের’ পক্ষে মত প্রকাশ করে। বিক্ষোভকারীরা ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপ করার’ জন্য মনসুর হাদির প্রতি দাবি জানায়। প্রেসিডেন্ট মনসুর হাদি দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে গত বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন।
ইয়েমেনের পার্লামেন্টে আজ এক বিশেষ অধিবেশনে প্রেসিডেেন্টর পদত্যাগ নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের ঘোষণা: ইয়েমেনে তৎপর আল-কায়েদা জঙ্গিদের দমনের জন্য পরিচালিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। শিয়া মিলিশিয়া বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।