শিরশ্ছেদকারীর পরিচয় ফাঁস!

মার্কিন পণবন্দী জেমস ফলি, ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিং এবং জাপানের সাংবাদিক কেনজি গোতোর নাম মনে আছে নিশ্চয়ই। এঁদের সবার শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। শিরশ্ছেদের পর সেই ভিডিও ফুটেজও তারা প্রকাশ করে দেয়। ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, পেছনে হাত বাঁধা অবস্থা হাঁটু গেড়ে একজন বসে আছেন। পাশেই ছুরি হাতে মুখোশ পরে আছেন আইএসের জঙ্গি। সেই জিহাদির আসল পরিচয় অবশেষে জানা গেল বলে দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, কালো কাপড়ে মুখোশ পরা হাতে ধারালো ছুরি নিয়ে যাকে দেখা গেছে, তার নাম ‘জিহাদি জন’।
জেমস ফলি, অ্যালান হেনিং এবং কেনজি গোতোর শিরশ্ছেদকারীও ‘জিহাদি জন’।
মুখোশ পরা ওই জঙ্গি জন নামে পরিচিত হলেও বিবিসির খবরে বলা হয়েছে, তারা জানতে পেরেছে তার আসল নাম হলো মোহাম্মদ এমওয়াজি। ধারণা করা হচ্ছে, মোহাম্মদ এমওয়াজি আসলে ব্রিটিশ নাগরিক। তিনি পশ্চিম লন্ডনের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানতে পেরেছে জিহাদি জন ছদ্মনামের ওই যুবক কুয়েতি বংশোদ্ভূত। পরে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পায়। তার বয়স ২৭ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদ এমওয়াজি ২০০৬ সালে সোমালিয়াতে গিয়েছিলেন। সেখানকার জঙ্গি সংগঠন আল শাবাবের সঙ্গে সে সময় তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।
তার বন্ধুরা মার্কিন ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছে, মধ্যবিত্ত পরিবারের এমওয়াজি লন্ডনের ইউনিভিার্সিটি অব ওয়েস্টমিনস্টারে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে। যুক্তরাজ্যের গোয়েন্দারা তার পরিচয় বেশ আগেই পেয়েছিল, কিন্তু তার নাম-পরিচয় গোপন রেখেছিল।
এমওয়াজিকে প্রথম দেখা যায় গত বছরের আগস্ট মাসে। ওই ভিডিও ফুটেজে তাকে মার্কিন সাংবাদিক জেমস ফলির হত্যাকারী হিসাবে দেখানো হয়। পরে একে একে আরেক মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, যুক্তরাজ্যের ত্রাণকর্মী ডেভিড হেইন্স এবং ট্যাক্সিচালক অ্যালান হেনিংয়ের মৃতদেহের ফুটেজেও সে ছিল। ধারণা করা হয়, তাঁদের শিরশ্ছেদ হয়েছে তার হাতেই।
শেষবার তার ফুটেজ দেখা যায় গত জানুয়ারি। আইএসের হাতে আটক দুই জাপানির শিরশ্ছেদের ঘটনার ঠিক আগে। ইন্টারনেটের ভিডিও ফুটেজে যথারীতি তাকে দেখা যায় আটক ওই জাপানির সঙ্গে মুখে কালো কাপড় জড়ানো ছুরি হাতে দাঁড়িয়ে।
লন্ডনে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপারে যে ১৩ জন মুসলিম যুবককে সন্দেহের তালিকায় ঢোকানো হয়েছিল, এমওয়াজিও সেই তালিকায় ছিল। ওয়াশিংটন পোস্ট লিখেছে, ২০১২ সালের দিকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয় মোহাম্মদ এমওয়াজি। তবে তদন্তের স্বার্থে ব্রিটিশ পুলিশ জিহাদি জনের এই আসল পরিচয় নিশ্চিত করতে অস্বীকার করেছে।
আরও পড়ুন