শিরোপা ফিরে পেতে গিয়ে জীবন গেল মিন বাহাদুরের
সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে মাউন্ট এভারেস্টে আরোহণের রেকর্ড গড়তে চেয়েছিলেন ৮৫ বছর বয়সী মিন বাহাদুর শেরচান। কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার পর সেখানেই গত শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। নেপালের পর্যটন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সাবেক ব্রিটিশ গোর্খা সৈনিক মিন বাহাদুর শেরচান ২০১৩ সালে জাপানের নাগরিক ইউচিরো মিউরার গড়া রেকর্ডটি ভাঙতে চেয়েছিলেন। ৮০ বছর বয়সে সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে হিমালয় পর্বতমালা তথা বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উঠে ওই রেকর্ড গড়েছিলেন মিউরা। এর আগে ২০০৮ সালে ৭৬ বছর বয়সে প্রথম রেকর্ড গড়েছিলেন মিন বাহাদুর শেরচান। মিউরা তাঁর সেই রেকর্ডই ভেঙেছিলেন।
সুইডেনের খ্যাতনামা পর্বতারোহী উয়েলি স্টেক পর্বতারোহণের প্রস্তুতি নেওয়ার সময় পাহাড়ে দুর্ঘটনায় মারা যাওয়ার সাত দিনের মাথায় মিন বাহাদুর শেরচানের মৃত্যু হলো। চিকিৎসকদের ধারণা, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল।
ইউচিরো মিউরার সঙ্গে মিন বাহাদুরের পাল্লা অনেক দিনের। মিন বাহাদুর ২০১৩ সালেই মিউরার কাছে হারানো খেতাব পুনরুদ্ধারের চেষ্টা করেন। সেবার আবহাওয়া খারাপ হয়ে পড়ায় চেষ্টা বাদ দিতে হয় তাঁকে।
গত মার্চে জার্মান বার্তা সংস্থা ডিপিএর কাছে মিন বাহাদুর বলেছিলেন, ‘আমি রেকর্ড গড়তে এভারেস্টে উঠতে চাই, যেন আমার এই রেকর্ড মানুষকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে।’